
হুগলি , ১৫ জুলাই (হি.স.) : বুধবার কুন্তিঘাট রামনগরের গঙ্গা ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সুমনা সরকার। পরিদর্শনের সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন এবং দ্রুত ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। মন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে গঙ্গা ভাঙনের ফলে এলাকার মানুষ আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যেই ভাঙন প্রতিরোধের কাজ শুরু করার জন্য ৩৯ লক্ষ ৭৪ হাজার ৪৬৪ বরাদ্দ অনুমোদিত হয়েছে।
তিনি আরও বলেন, এই অর্থে ভাঙন রোধের প্রয়োজনীয় কাজ দ্রুত শুরু করা হবে, যাতে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং তাঁদের বসতভিটে রক্ষা করা সম্ভব হয়। এদিন সুমনা সরকার বলেন, আপনাদের ঘরের মেয়ে হিসেবে আমি সব সময় আপনাদের পাশে আছি। এলাকার মানুষের স্বার্থে যা যা করণীয়, তা দ্রুত করা হবে।
মন্ত্রীর এই আশ্বাসে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিছুটা স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। প্রশাসনের উদ্যোগে দ্রুত ভাঙন প্রতিরোধের কাজ শুরু হবে বলেই আশা প্রকাশ করেছেন তাঁরা।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA