
শিলিগুড়ি, ১৯ জুলাই (হি. স.):-ফিফা বিশ্বকাপের ফাইনালকে ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা এখন তুঙ্গে। আর্জেন্টিনা ও স্পেনের মহারণের আবহে শিলিগুড়ির একটি মিষ্টির দোকান রবিবার অভিনব উদ্যোগ নিয়ে নজর কেড়েছে। প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশ করতে গোটা দোকানটিকেই আকাশি-সাদা রঙে সাজিয়েছেন দোকানের মালিক, যিনি নিজেও আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক।দোকানজুড়ে শোভা পাচ্ছে আর্জেন্টিনার জাতীয় পতাকা, বিশ্বকাপের স্মরণীয় মুহূর্তের ছবি এবং লিওনেল মেসির একাধিক পোস্টার। শুধু সাজসজ্জাই নয়, ক্রেতাদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে আর্জেন্টিনা থিমে তৈরি করা হয়েছে নানা ধরনের মিষ্টি। ল্যাংচা, রসগোল্লা, সুইট রোল-সহ বিভিন্ন মিষ্টিকে আকাশি-সাদা রঙে সাজিয়ে বিক্রি করা হচ্ছে। প্রতিটি মিষ্টির দাম রাখা হয়েছে ২০ থেকে ২৫ টাকার মধ্যে, যাতে সব শ্রেণির মানুষ সহজেই কিনতে পারেন।দোকান কর্তৃপক্ষ জানিয়েছেন, ফাইনালের আগে রাতভর চার থেকে পাঁচ ঘণ্টা ধরে বিশেষ এই মিষ্টি তৈরির প্রস্তুতি চলেছে। সকাল থেকেই দোকানে ভিড় জমিয়েছেন আর্জেন্টিনা সমর্থকেরা। অনেকে প্রিয় দলের জয়ের প্রত্যাশায় এই বিশেষ মিষ্টি কিনে নিয়ে যাচ্ছেন।বিশ্বকাপের উন্মাদনা যে শুধু খেলার মাঠেই সীমাবদ্ধ নয়, বরং সাধারণ মানুষের জীবনযাত্রা ও স্থানীয় ব্যবসাতেও তার প্রভাব পড়েছে, শিলিগুড়ির এই উদ্যোগ তারই এক অনন্য দৃষ্টান্ত।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়