
গুয়াহাটি, ১৯ জুলাই (হি.স.) : সংগঠনকে আরও শক্তিশালী, গতিশীল ও জনমুখী করে তোলার লক্ষ্যে অসম প্রদেশ ভারতীয় জনতা পার্টি (বিজেপি) রাজ্যের ৩৯টি সাংগঠনিক জেলায় ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা-অভিযান’ পরিচালনা করছে। গত ৫ জুলাই শুরু হওয়া আবাসিক এই প্রশিক্ষণ কর্মসূচি ইতিমধ্যে ২৭টি সাংগঠনিক জেলায় সফলভাবে সম্পন্ন হয়েছে।
দলের মুখপাত্র প্রাঞ্জল কলিতা জানান, প্রতিটি জেলায় দু-দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হচ্ছে। এতে অসম বিজেপির প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়ার পাশাপাশি দলের বিধায়ক, সাংসদ এবং রাজ্য পদাধিকারীরা প্রশিক্ষক হিসেবে অংশ নিচ্ছেন। একই সঙ্গে তাঁরা নিজ নিজ জেলায় একজন প্রশিক্ষণার্থী হিসেবেও এই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন।
প্রশিক্ষণ শিবিরের মূল উদ্দেশ্য হলো, দলীয় কর্মীদের বিজেপির ইতিহাস, আদর্শ, সাংগঠনিক কাঠামো, কর্মপদ্ধতি এবং সাংগঠনিক দায়িত্ব সম্পর্কে সুসংহত ও বিস্তৃত ধারণা প্রদান করা। প্রশিক্ষকরা দলীয় নীতি-আদর্শ, সাংগঠনিক শৃঙ্খলা, বিভিন্ন কর্মসূচি এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে কর্মীদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করছেন।
তিনি জানান, চলমান প্রশিক্ষণ কর্মসূচিতে জেলা পদাধিকারী, জেলা কার্যনির্বাহী সদস্য, বিভিন্ন মোর্চার সভাপতি ও সাধারণ সম্পাদক, মণ্ডল সভাপতি ও সাধারণ সম্পাদক, মণ্ডল প্রভারী, রাজ্য কোষ ও বিভাগের আহ্বায়ক ও সহ-আহ্বায়ক, বিধায়ক, প্রাক্তন বিধায়ক, জেলা পরিষদের সদস্য, আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি ও সহ-সভাপতি, এমএসি, এমসিএলএ, পুরপতি ও উপ-পুরপতি, প্রদেশ মোর্চার কার্যনির্বাহী সদস্য, সদ্য দলে যোগদানকারী নির্বাচিত জেলা পর্যায়ের ১০ জন কার্যকর্তা, রাজ্য ও জাতীয় পরিষদের সদস্য এবং স্বশাসিত পরিষদের জিএম, ইএম ও সিইএম সহ বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। এখন পর্যন্ত চার হাজারের বেশি জেলা ও রাজ্য পর্যায়ের কার্যকর্তা এই প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়েছেন।
এছাড়া প্রতিটি প্রশিক্ষণ শিবিরে বিশেষ প্রদর্শনীর মাধ্যমে বিজেপির ইতিহাস, আদর্শ, সাংগঠনিক বিকাশ এবং সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প ও কর্মসূচি তুলে ধরা হচ্ছে।
মুখপাত্র প্রাঞ্জল কলিতার দাবি, শৃঙ্খলাবদ্ধ সংগঠন, সুস্পষ্ট আদর্শ এবং রাষ্ট্রসেবার প্রতি অঙ্গীকারই দলের সাংগঠনিক শক্তির মূল ভিত্তি। এই প্রশিক্ষণ কর্মসূচি সংগঠনের ভিতকে আরও মজবুত করার পাশাপাশি আগামী দিনে দলকে আরও কার্যকর, শক্তিশালী ও জনমুখী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে দলীয় নেতৃত্বের বিশ্বাস।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস