
লাচিত বড়ফুকন ও কুশল কোঁওরের জীবনীভিত্তিক চলচ্চিত্র নির্মাণের ঘোষণা
গুয়াহাটি, ১৯ জুলাই (হি.স.) : আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন এবং জাতীয় চলচ্চিত্র ক্ষেত্রে অসমের সাফল্যে শুভেচ্ছা জানিয়েছে অসম প্রদেশ ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। একইসঙ্গে রাজ্য সরকার বীর লাচিত বড়ফুকন এবং স্বাধীনতা সংগ্রামী কুশল কোঁওরের জীবনভিত্তিক চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছে বলে জানানো হয়েছে।
দলের মুখপাত্র ব্রজেন মহন্ত এক প্রেস বিবৃতিতে জানান, ইংল্যান্ডের গ্লাসগো শহরে অনুষ্ঠেয় কমনওয়েলথ গেমস-এ ভারতীয় দলের পতাকাবাহক হিসেবে অসমের গর্ব, অলিম্পিয়ান বক্সার লাভলিনা বড়গোহাঁইকে মনোনীত করেছে ভারতীয় অলিম্পিক সংস্থা এবং ভারত সরকারের ক্রীড়া মন্ত্রক। এই সম্মানের জন্য লাভলিনাকে অভিনন্দন জানিয়ে মহন্ত আশা প্রকাশ করেন, প্রতিযোগিতায়ও তিনি দেশের জন্য নতুন গৌরব বয়ে আনবেন।
এছাড়াও কমনওয়েলথ গেমসে ভারতীয় দলের হয়ে অংশগ্রহণকারী অসমের লন বোলস খেলোয়াড় নয়নমণি শইকিয়া ও পুতুল সনোয়াল সহ সকল ক্রীড়াবিদকে শুভেচ্ছা জানিয়েছে অসম প্রদেশ বিজেপি।
বিবৃতিতে ব্রজেন মহন্ত বলেন, ক্রীড়ার পাশাপাশি অসমীয়া চলচ্চিত্রও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নতুন সাফল্য অর্জন করছে। পরিচালক ও প্রযোজক যদুমণি দত্ত নির্মিত ‘জুইফুল’ ৭২-তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৪-এ সেরা অসমীয়া ভাষার চলচ্চিত্র বিভাগে রজত কমল সম্মান অর্জন করেছে। এই কৃতিত্বের জন্য ছবির সঙ্গে যুক্ত সকলকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, শতবর্ষ পেরোনো অসমীয়া চলচ্চিত্র শিল্পের জন্য এটি এক নতুন আশার বার্তা।
বিবৃতিতে তিনি আরও বলেন, একই জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘অনুচ্ছেদ ৩৭০’ ছবিটি সেরা ফিচার ফিল্ম-এর সম্মান অর্জন করেছে।
অসম বিধানসভায় গত ১০ জুলাই উপস্থাপিত ২০২৬-২৭ অর্থবর্ষের রাজ্য বাজেটে ক্রীড়া ও সংস্কৃতি ক্ষেত্রের উন্নয়নের জন্য একাধিক বাস্তবমুখী কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। এর মধ্যে বীর লাচিত বড়ফুকন এবং স্বাধীনতা সংগ্রামী কুশল কোঁওরের জীবনভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য বাজেটে অর্থ বরাদ্দ রাখা হয়েছে।
ব্রজেন মহন্ত জানান, লাচিত বড়ফুকনের জীবনভিত্তিক চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা নিয়ে ইতিমধ্যে অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা দেশের বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক আদিত্য ধর-এর সঙ্গে বিশেষ বৈঠক করেছেন। তিনি বলেন, এই উদ্যোগ অসমের সমৃদ্ধ ইতিহাস, বীরত্বগাথা ও সাংস্কৃতিক ঐতিহ্যকে দেশ-বিদেশের মানুষের সামনে আরও বিস্তৃতভাবে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস