সিআইডি-র বড় সাফল্য, অশোকনগরে ৬টি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেফতার মহিলা পাচারকারী
পশ্চিম বর্ধমান, ১৯ জুলাই (হি.স.): রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ (সিআইডি) উত্তর ২৪ পরগনার অশোকনগর থানা এলাকায় এক বড়সড় অভিযান চালিয়ে এক সন্দেহভাজন মহিলা অস্ত্র পাচারকারীকে গ্রেফতার করেছে। ধৃতের কাছ থেকে ৬টি বেআইনি আগ্নেয়াস্ত্র, প্রায় ২০০ রাউন্ড কার্তু
সিআইডি-র বড় সাফল্য, অশোকনগরে ৬টি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেফতার মহিলা পাচারকারী


পশ্চিম বর্ধমান, ১৯ জুলাই (হি.স.): রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ (সিআইডি) উত্তর ২৪ পরগনার অশোকনগর থানা এলাকায় এক বড়সড় অভিযান চালিয়ে এক সন্দেহভাজন মহিলা অস্ত্র পাচারকারীকে গ্রেফতার করেছে। ধৃতের কাছ থেকে ৬টি বেআইনি আগ্নেয়াস্ত্র, প্রায় ২০০ রাউন্ড কার্তুজ, নগদ টাকা এবং বিহারের জামালপুর রেল স্টেশনের একটি ট্রেনের টিকিট উদ্ধার করা হয়েছে। সিআইডি-র এই হেভিওয়েট অভিযানের পর গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ধৃত মহিলার কাছ থেকে উদ্ধার হওয়া পরিচয়পত্র অনুযায়ী তাঁর নাম পূজা বিশ্বাস, তিনি হাবড়ার বাসিন্দা।

প্রাথমিক তদন্ত ও সিআইডি সূত্রে জানা গেছে, গোপন সূত্রে গোয়েন্দাদের কাছে খবর ছিল যে, এক মহিলা বিপুল পরিমাণ বেআইনি অস্ত্রের একটি বড় চালান নিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করতে চলেছেন। এই তথ্যের ভিত্তিতে সিআইডি-র একটি বিশেষ দল ওই মহিলার ওপর কড়া নজরদারি শুরু করে। এরপর তাঁকে অনুসরণ করে নৈহাটি রোড হয়ে অশোকনগরের ৮ নম্বর এলাকায় পৌঁছালে সিআইডি দল তাঁকে ঘিরে ফেলে এবং হেফাজতে নেয়। অভিযান চলাকালীন পুলিশ নিরাপত্তার স্বার্থে গোটা এলাকাটি কর্ডন করে দেয় এবং সাধারণ মানুষকে ঘটনাস্থলের ধারেকাছে ঘেঁষতে দেওয়া হয়নি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই মহিলা ট্রেনযোগে বিহার থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিলেন। এরপর নৈহাটি রুট হয়ে হাবড়ায় এই অস্ত্রের চালান ডেলিভারি দেওয়ার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু গোপন সূত্রের খবরের ভিত্তিতে সেই পরিকল্পনা বানচাল করে তার আগেই সিআইডি তাঁকে হাতেনাতে দবোচ নেয়।

উদ্ধার হওয়া এই অস্ত্র ও কার্তুজগুলি কার কাছে পাঠানোর কথা ছিল, এর নেপথ্যে কোন বড় চক্র সক্রিয় রয়েছে এবং এই নেটওয়ার্কে আর কতজন যুক্ত আছে, তা খতিয়ে দেখতে জোরকদমে তদন্ত শুরু করেছে সিআইডি। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও কার্তুজগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। একইসঙ্গে ধৃত মহিলাকে লাগাতার জেরা করা হচ্ছে যাতে এই আন্তর্জাতিক অস্ত্র পাচার চক্রের পুরো নেটওয়ার্কের পর্দাফাঁস করা যায়। সিআইডি আধিকারিকদের অনুমান, ধৃতকে জেরার মাধ্যমে অস্ত্র পাচার সংক্রান্ত আরও বহু চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে পারে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande