ঝাড়গ্রামে ২১ জুলাই ও ৯ আগস্টের কর্মসূচি নিয়ে সাংবাদিক বৈঠক কংগ্রেসের
ঝাড়গ্রাম, ১৯ জুলাই (হি.স.): আসন্ন ২১ জুলাই শহিদ দিবস এবং ৯ আগস্টের ''দিল্লি চলো'' কর্মসূচিকে সামনে রেখে রবিবার ঝাড়গ্রাম জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে কংগ্রেস। বৈঠকে রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন নীতি নিয়ে দলের অবস্থান, আন্দোলনের কর্মসূ
ঝাড়গ্রামে ২১ জুলাই ও ৯ আগস্টের কর্মসূচি নিয়ে সাংবাদিক বৈঠক কংগ্রেসের


ঝাড়গ্রাম, ১৯ জুলাই (হি.স.): আসন্ন ২১ জুলাই শহিদ দিবস এবং ৯ আগস্টের 'দিল্লি চলো' কর্মসূচিকে সামনে রেখে রবিবার ঝাড়গ্রাম জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে কংগ্রেস। বৈঠকে রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন নীতি নিয়ে দলের অবস্থান, আন্দোলনের কর্মসূচি এবং আগামী দিনের সাংগঠনিক পরিকল্পনা তুলে ধরেন নেতৃত্ব।

উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের এক্সিকিউটিভ সদস্য সুব্রত ভট্টাচার্য এবং জেলা কংগ্রেস নেতা প্রসেনজিৎ দে।

সুব্রত ভট্টাচার্য বলেন, ১৯৯৩ সালের ২১ জুলাই তৎকালীন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে যুব কংগ্রেসের মহাকরণ অভিযানে পুলিশের গুলিতে ১৩ জন কর্মী নিহত হয়েছিলেন। তাঁর অভিযোগ, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস সেই শহিদ দিবসের ইতিহাসকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে এবং শহিদদের আত্মত্যাগের প্রকৃত তাৎপর্য আড়াল হয়ে গিয়েছে।

তিনি জানান, এ বছর প্রদেশ কংগ্রেস সভাপতির আহ্বানে কলকাতার শহিদ মিনারের পাদদেশে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ঝাড়গ্রাম জেলার প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস কর্মী-সমর্থকদের ওই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এদিন কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসে উপেক্ষিত কর্মীদের দলে ফিরে আসার আহ্বানও জানানো হয়। নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং গণতান্ত্রিক আন্দোলনকে আরও জোরদার করতেই ২১ জুলাইয়ের কর্মসূচি ও ৯ আগস্টের 'দিল্লি চলো' অভিযানে জোর দেবে কংগ্রেস।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande