
উত্তর ২৪ পরগনা, ১৯ জুলাই (হি. স.): উত্তর ২৪ পরগনার অশোকনগর এলাকায় সিআইডির অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার একটি সন্দেহভাজন মহিলার গতিবিধির উপর নজর রেখে অভিযান চালিয়ে তাঁকে আটক করে সিআইডি। তাঁর কাছ থেকে প্রায় ২০০ রাউন্ড কার্তুজ, ৬টি আগ্নেয়াস্ত্র এবং নগদ অর্থ উদ্ধার হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।তদন্তকারীদের সূত্রে জানা গেছে, সন্দেহজনক আচরণের কারণে ওই মহিলার পিছু নেয় সিআইডির একটি দল। নৈহাটি রোড ধরে অশোকনগরে পৌঁছলে তাঁকে আটক করা হয়। এরপর তল্লাশি চালিয়ে অস্ত্র, কার্তুজ এবং নগদ অর্থ উদ্ধার করা হয়।আটক মহিলার কাছে থাকা আধার কার্ড থেকে তাঁর নাম পূজা বিশ্বাস বলে জানা গিয়েছে। তবে তিনি কোথা থেকে ওই অস্ত্র ও কার্তুজ সংগ্রহ করেছিলেন এবং সেগুলি কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, তা এখনও স্পষ্ট নয়।ঘটনার পর পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ ও সিআইডির আধিকারিকরা। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষকে ঘটনাস্থলের কাছে যেতে দেওয়া হচ্ছে না। উদ্ধার হওয়া অস্ত্র ও কার্তুজের উৎস, সম্ভাব্য ব্যবহার এবং এর সঙ্গে কোনও বড় অপরাধচক্র বা বেআইনি অস্ত্র পাচারচক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে আটক মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়