
বাঁকুড়া, ১৯ জুলাই (হি.স.): বাঁকুড়ায় উদ্ধার এক ব্যক্তির দেহ| স্থানীয়দের অনুমান, হাতির হানায় প্রাণ হারিয়েছেন ওই ব্যক্তি। রবিবার সকালে বাঁকুড়ার বড়জোড়া থানার দেউচা এলাকায় ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়। এদিন পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম স্বপন পন্ডিত। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে| পাশাপাশি, গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রবিবার স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে দেউচা এলাকার রাস্তার ধারে স্বপনবাবুর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁর শরীরের আঘাতের চিহ্ন দেখে গ্রামবাসীদের অনুমান, ভোরের দিকে কোনও হাতি তাঁকে আক্রমণ করে থাকতে পারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয়রাই খবর দেন পুলিশে। ঘটনাস্থলে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ