
শিলিগুড়ি, ১৯ জুলাই (হি.স.): ভারত-নেপাল সীমান্তের মেচি নদী পার হয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করার সময় হড়পা বানে মাঝনদীতেই আটকে পড়েন নেপালের এক যুবতী। পরে অবশ্য তাঁকে সুরক্ষিতভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে। রবিবারএই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্রের খবর, এদিন নেপালের ওই যুবতী মেচি নদী পার হয়ে ভারতীয় সীমান্তে ঢোকার চেষ্টা করছিলেন। ঠিক সেই সময়ই আচমকা নদীর জলস্তর হু হু করে বেড়ে যায়। প্রবল জলোচ্ছ্বাসের কারণে নদী পার হতে না পেরে মাঝনদীতেই চরম বিপদে পড়েন ওই যুবতী।
পরিস্থিতি বেগতিক দেখে সীমান্তে মোতায়েন আধিকারিকদের নজরে আসে বিষয়টি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নেপাল পুলিশের উদ্ধারকারী দল। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। বেশ কিছুক্ষণের অক্লান্ত পরিশ্রম ও লড়াইয়ের পর অবশেষে ওই যুবতীকে নদী থেকে সুরক্ষিত অবস্থায় টেনে বের করতে সক্ষম হন উদ্ধারকারীরা।
নদী থেকে তোলার পর প্রাথমিক চিকিৎসার জন্য তাঁকে তড়িঘড়ি নেপালের একটি হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা সীমান্ত এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তবে ঠিক কী কারণে এবং কী উদ্দেশ্যে ওই যুবতী নিজের জীবন বাজি রেখে এভাবে নদী পার হয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সোনালি