গর্ভগৃহে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা, তারাপীঠ মন্দিরে ১ আগস্ট থেকে লাগু হচ্ছে নতুন নিয়ম
বীরভূম, ১৯ জুলাই (হি.স.): তারাপীঠ মন্দিরে পুণ্যার্থীদের সুবিধা, নিরাপত্তা এবং মন্দিরের সামগ্রিক আইনশৃঙ্খলা রক্ষাকে আরও সুসংগঠিত করতে একগুচ্ছ নতুন নিয়ম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১ আগস্ট থেকে এই নতুন নিয়মাবলী কার্যকর করা হবে বলে জানিয়েছে ''ত
তারাপীঠ মন্দির


বীরভূম, ১৯ জুলাই (হি.স.): তারাপীঠ মন্দিরে পুণ্যার্থীদের সুবিধা, নিরাপত্তা এবং মন্দিরের সামগ্রিক আইনশৃঙ্খলা রক্ষাকে আরও সুসংগঠিত করতে একগুচ্ছ নতুন নিয়ম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১ আগস্ট থেকে এই নতুন নিয়মাবলী কার্যকর করা হবে বলে জানিয়েছে 'তারামাতা সেবাইত সংঘ'। মন্দির প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দর্শন, পূজা, ভোগ এবং আরতির সময়ে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি, মন্দিরের গর্ভগৃহে মোবাইল ফোন নিয়ে প্রবেশের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নতুন সময়সূচী অনুযায়ী, মন্দির প্রতিদিন ভোর ৩টেয় খুলে দেওয়া হবে। পুণ্যার্থীদের জন্য ভোর ৫টা ৩০ মিনিট থেকে পূজা ও দর্শন শুরু হবে। দুপুর ১২টা ৩০ মিনিটে গর্ভগৃহের দরজা বন্ধ করা হবে এবং দুপুর ১টা পর্যন্ত মাতাকে অন্নভোগ নিবেদন করা হবে। এরপর দুপুর ১টা ৩০ মিনিট থেকে পুনরায় দর্শন শুরু হবে।

সন্ধ্যা ৬টায় আরতির সময় গর্ভগৃহের দরজা বন্ধ থাকবে। আরতি শেষ হওয়ার পর সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে পুনরায় পূজা ও দর্শন শুরু হবে। রাত ১০টায় মন্দির চত্বরের সমস্ত প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হবে।

মন্দির প্রশাসন স্পষ্ট জানিয়েছে যে, গর্ভগৃহে মোবাইল ফোন নিয়ে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। পুণ্যার্থীদের গর্ভগৃহে প্রবেশের আগে নির্দিষ্ট কাউন্টারে তাঁদের মোবাইল জমা রাখতে হবে। এছাড়া গর্ভগৃহে মায়ের পূজার অনুমতি থাকবে না এবং পূজা চলাকালীন যেখানে ঢাক বাজানো হয়, সেই অংশে পুণ্যার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

পাশাপাশি আরও জানানো হয়েছে, মাতাকে অন্নভোগ নিবেদনের আগে মন্দির প্রাঙ্গণে ভোগ গ্রহণ করা কিংবা মন্দিরের বাইরে ভোগ নিয়ে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দর্শন ব্যবস্থা মসৃণ রাখতে সাধারণ লাইন, ভিআইপি লাইন এবং প্রোটোকল লাইনের জন্য আলাদা আলাদা সময় নির্ধারিত করা হয়েছে।

তারামাতা সেবাইত সংঘের পক্ষ থেকে সমস্ত পুণ্যার্থীদের এই নতুন নিয়মাবলী মেনে চলার অনুরোধ জানানো হয়েছে, যাতে মন্দিরে দর্শন ও পূজার্চনার কাজ শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা যায়।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande