
হিঙ্গলগঞ্জ, ১৯ জুলাই (হি. স.):-সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য সংরক্ষণ এবং উপকূলীয় ভূমিক্ষয় রোধের লক্ষ্যে রবিবার উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের কালিতলা গ্রাম পঞ্চায়েতের সমশেরনগর এলাকায় ঝিঙ্গাখালী নদীর তীরে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করল প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন। রাজ্য সরকারের সুন্দরবন সংরক্ষণের উদ্যোগে সামিল হয়ে সংগঠনের সদস্যরা গরান, গেওয়া, হেতাল, কেওড়া-সহ বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভের চারা রোপণ করেন।উদ্যোক্তারা জানান, সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য উপকূলকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতীতে আইলা, আমফান, বুলবুল-সহ একাধিক ঘূর্ণিঝড়ের সময় এই অরণ্য প্রাকৃতিক প্রতিরোধক হিসেবে কাজ করেছে। তাই পরিবেশ রক্ষা ও সুন্দরবন সংরক্ষণে বৃক্ষরোপণের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার সঞ্জীব মণ্ডল, পঞ্চানন চক্রবর্তী, প্রসূন প্রামাণিক, সঞ্জয় দেবনাথ, শঙ্কর প্রসাদ রায়, সন্দেশখালি ১ নম্বর ব্লকের ডেপুটি সেক্রেটারি শৈলেন মণ্ডল, শিক্ষক অরূপ গায়েন, বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপির সভানেত্রী সরস্বতী মণ্ডল-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। কর্মসূচির শেষে শতাধিক খুদে পড়ুয়ার হাতে চারা গাছ তুলে দেওয়া হয়। উদ্যোক্তারা জানান, সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ ও সমাজসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়