তৃণমূল ছাড়লেন প্রাক্তন মন্ত্রী তপন দাশগুপ্ত
হুগলি, ১৯ জুলাই (হি.স.): বিধানসভা নির্বাচনে হারের পর থেকেই দলের অন্দরে ক্ষোভ জমছিল। এবার সরাসরি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও নির্বাচনী রণকৌশলী সংস্থা ‘আইপ্যাক’-এর বিরুদ্ধে তোপ দেগে তৃণমূল কংগ্রেস ছাড়লেন রাজ্যের প্রাক্তন মন
তৃণমূল ছাড়লেন প্রাক্তন মন্ত্রী তপন দাশগুপ্ত


হুগলি, ১৯ জুলাই (হি.স.): বিধানসভা নির্বাচনে হারের পর থেকেই দলের অন্দরে ক্ষোভ জমছিল। এবার সরাসরি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও নির্বাচনী রণকৌশলী সংস্থা ‘আইপ্যাক’-এর বিরুদ্ধে তোপ দেগে তৃণমূল কংগ্রেস ছাড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সপ্তগ্রামের প্রাক্তন বিধায়ক তপন দাশগুপ্ত। রবিবার চুঁচুড়ার বড়বাজারে একটি দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে তিনি দল ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেন।

প্রবীণ এই রাজনৈতিক নেতা অভিযোগ করেন, দল এখন আর পুরনো ও নিষ্ঠাবান কর্মীদের মর্যাদা দিচ্ছে না। দলের রাশ এখন চলে গিয়েছে পেশাদার নির্বাচনী রণকৌশলী সংস্থা ‘আইপ্যাক’-এর হাতে। মানুষের সঙ্গে সংযোগ না রেখে এসি ঘরে বসে রাজনীতির রণকৌশল ঠিক করছে তারা। পাশাপাশি, অভিষেকের নেতৃত্বের ধরণ নিয়েও প্রশ্ন তুলেছেন তপন দাশগুপ্ত| দলের এই পরিস্থিতির জন্য তিনি সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব ও তাঁর সিদ্ধান্তকে দায়ী করেছেন।

তপন দাশগুপ্ত হুগলি জেলার রাজনীতিতে তৃণমূলের অন্যতম পুরনো ও প্রভাবশালী মুখ। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের এই বিশ্বস্ত সৈনিকের দলত্যাগ স্বাভাবিকভাবেই অস্বস্তিতে ফেলেছে ঘাসফুল শিবিরকে। এদিকে আবার এদিন সাংবাদিক বৈঠকে তপন দাশগুপ্তর সঙ্গে উপস্থিত ছিলেন ঋতব্রত-শিবিরের হুগলির সাংগঠনিক সভাপতি সন্তোষ সিং| জেলার রাজনৈতিক সমীকরণে এটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande