
বিলাসীপাড়া (অসম), ১৯ জুলাই (হি.স.) : ধুবড়ি জেলার অন্তৰ্গত বিলাসীপাড়া মহকুমার শুয়াপাতা প্রথম খণ্ড গ্রামে পুলিশের অভিযানে বিপুল পরিমাণের মাদক ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। অভিযানে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করা হলেও তাঁর এক সহযোগী অন্ধকারের সুযোগে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
আজ রবিবার পুলিশ সূত্রে জানা গেছে, শালকোচা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে শুয়াপাতা প্রথম খণ্ড গ্রামের জনৈক হানিফ আলির বাড়িতে অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করার পাশাপাশি ঘটনাস্থল থেকে কামরূপ জেলার গরৈমারির বাসিন্দা আলম আলিকে গ্রেফতার করা হয়।
অভিযানের সময় আরেক অভিযুক্ত কাশেম আলি অন্ধকারের সুযোগে পালিয়ে গেছে। তাঁর বাড়ি কামরূপ জেলার ছয়গাঁও এলাকায় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলির বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। তদন্তকারী পুলিশ অফিসারের দাবি, সাম্প্রতিককালে শুয়াপাতা প্রথম খণ্ড এলাকা মাদক পাচারের করিডরে পরিণত হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।
এদিকে, পলাতক কাশেম আলিকে গ্রেফতার করতে তালাশি-অভিযান জোরদার করেছে শালকোচা থানার পুলিশ। উদ্ধারকৃত মাদক কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস