(আপডেট) বড়জোড়ায় ফের হাতির হানায় যুবকের মৃত্যু, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী
বাঁকুড়া, ১৯ জুলাই (হি.স.): বড়জোড়ায় ফের হাতির হানায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে জঙ্গল-লাগোয়া গ্রামগুলিতে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। বন দফতরের গাফিলতির অভিযোগ তুলে রবিবার বাঁকুড়া–দুর্গাপুর ৯ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাস
(আপডেট) বড়জোড়ায় ফের হাতির হানায় যুবকের মৃত্যু, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী


বাঁকুড়া, ১৯ জুলাই (হি.স.): বড়জোড়ায় ফের হাতির হানায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে জঙ্গল-লাগোয়া গ্রামগুলিতে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। বন দফতরের গাফিলতির অভিযোগ তুলে রবিবার বাঁকুড়া–দুর্গাপুর ৯ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, তিন দিন আগে ঝাড়গ্রাম হয়ে ১৬টি হাতির একটি দল বাঁকুড়ার বিষ্ণুপুর রেঞ্জে ঢোকে। শনিবার সন্ধ্যায় সেই দল বড়জোড়ার জঙ্গলে প্রবেশ করে। রাতে দেজুড়ি গ্রামের বাসিন্দা স্বপন পণ্ডিত (৩৫)-কে একটি হাতি শুঁড়ে পেঁচিয়ে মাটিতে আছাড় মেরে পায়ে পিষে দেয়। রবিবার সকালে তাঁর দেহ উদ্ধার হয়।

স্বপন পণ্ডিত দেজুড়ি মোড়ের একটি হোটেলে কাজ করতেন। স্ত্রী রীতা পণ্ডিত ছেলে-সহ বাপের বাড়ি দেউচা গ্রামে ছিলেন। পরিবারের দাবি, শনিবার রাত ৯টা নাগাদ স্বপন ফোন করে জানান, কাজ শেষ করে তিনি দেউচায় ফিরছেন। দেজুড়ি থেকে দেউচায় যেতে জঙ্গলের রাস্তা পেরোতে হয়। অনেক রাত পর্যন্ত না ফিরলে স্ত্রী ফোন করলেও ফোন বেজে যায়, কিন্তু তিনি আর সাড়া দেননি। রবিবার ভোরে তাঁর মৃত্যুর খবর পৌঁছয় পরিবারের কাছে।

ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বাঁকুড়া–দুর্গাপুর ৯ নম্বর রাজ্য সড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে তা তুলে নেওয়া হয়।

হাতি সমস্যা নিয়ে আন্দোলনকারী সংগঠন সংগ্রামী গণমঞ্চ-এর জেলা সম্পাদক শুভ্রাংশু মুখার্জি বন দফতরের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, হাতির দল এলাকায় ঢোকার খবর থাকা সত্ত্বেও তাদের নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এর ফলেই বারবার প্রাণহানি ও ফসলের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটছে। তিনি মৃতের পরিবারের জন্য বর্তমান ৫ লক্ষ টাকার ক্ষতিপূরণ দ্বিগুণ করা, পরিবারের একজনকে স্থায়ী চাকরি দেওয়া এবং হাতির দলকে জেলার বাইরে সরিয়ে নিয়ে যাওয়ার দাবি জানান।

উল্লেখ্য, গত দু'মাস ধরে বড়জোড়া এলাকায় ছয়টি দলছুট দাঁতাল হাতি ঘোরাফেরা করছিল। তার সঙ্গে সম্প্রতি আরও ১৬টি হাতির দল যোগ দেওয়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।

বড়জোড়া রেঞ্জের রেঞ্জ অফিসার সৈয়দ সফিউর রহমান জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি হাতির দলের গতিবিধির উপর বন দফতর সার্বক্ষণিক নজর রাখছে।

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande