
মুর্শিদাবাদ, ১৯ জুলাই (হি. স.):- মাদক পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড় সাফল্য পেল সামশেরগঞ্জ থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে শনিবার গভীর রাতে পুঁঠিমারী পল্টন ব্রিজ এলাকায় নাকা তল্লাশির সময় একটি মোটরবাইক আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে ওই মোটরবাইক থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম আসফাক শেখ ও আলমগীর শেখ। তাঁদের বাড়ি মালদা জেলার কালিয়াচক থানার বালিয়াডাঙ্গা এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া হেরোইনের চালানটি ঝাড়খণ্ডে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। অভিযানে ব্যবহৃত মোটরবাইকটিও বাজেয়াপ্ত করা হয়েছে। সামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের সঙ্গে কোনও বড় আন্তঃরাজ্য মাদক পাচারচক্রের যোগাযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি উদ্ধার হওয়া মাদকের উৎস, নির্ধারিত গন্তব্য এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের সন্ধানেও তদন্ত চলছে।রবিবার ধৃতদের বহরমপুরের আদালতে তোলা হয়। আরও জিজ্ঞাসাবাদের স্বার্থে তাঁদের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে তদন্তকারী দল। পুলিশের দাবি, এই ঘটনার সূত্র ধরে মাদক পাচারচক্র সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়