বিশ্বকাপ ফুটবল ফাইনাল ঘিরে আগরতলায় উন্মাদনা
আগরতলা, ১৯ জুলাই (হি.স.) : বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে ঘিরে গোটা বিশ্বের মতোই উন্মাদনায় মেতেছে ত্রিপুরার রাজধানী আগরতলা। আর্জেন্টিনা ও স্পেনের মহারণকে সামনে রেখে রবিবার রাতজুড়ে খেলা উপভোগ করতে শহরের বিভিন্ন ক্লাব, পাড়া ও সামাজিক সংগঠনের উদ্যোগে জ
জায়ান্ট স্ক্রিন বসানোর তোড়জোড়


আগরতলা, ১৯ জুলাই (হি.স.) : বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে ঘিরে গোটা বিশ্বের মতোই উন্মাদনায় মেতেছে ত্রিপুরার রাজধানী আগরতলা। আর্জেন্টিনা ও স্পেনের মহারণকে সামনে রেখে রবিবার রাতজুড়ে খেলা উপভোগ করতে শহরের বিভিন্ন ক্লাব, পাড়া ও সামাজিক সংগঠনের উদ্যোগে জায়ান্ট স্ক্রিন বসানোর প্রস্তুতি শেষ পর্যায়ে। ফুটবলপ্রেমীদের প্রত্যাশা, এদিনের মহারণ স্মরণীয় হয়ে থাকবে দীর্ঘদিন।

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির আর্জেন্টিনা এবং তরুণ প্রতিভা লামিন ইয়ামালের স্পেন—এই দুই শক্তিশালী দলের লড়াইকে ঘিরে সমর্থকদের মধ্যে তীব্র উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। আর্জেন্টিনা সমর্থকদের বড় অংশ চান, মেসি আরও একবার বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ুন। অন্যদিকে স্পেন সমর্থকদের আশা, নতুন প্রজন্মের প্রতিনিধি ইয়ামালের হাত ধরেই শিরোপা ঘরে তুলবে তাঁদের দল।

ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা। এদিনই বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিতে পারেন—এমন গুঞ্জনও ছড়িয়ে পড়েছে। যদিও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক বা নির্ভরযোগ্য নিশ্চিত তথ্য এখনও পাওয়া যায়নি।

আগরতলায় বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই জায়ান্ট স্ক্রিন বসানোর কাজ সম্পন্ন হয়েছে। মেলারমাঠ, বড়দোয়ালী, বনমালীপুর, কুঞ্জবন-সহ একাধিক এলাকায় ক্লাব ও স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে খেলা দেখার বিশেষ আয়োজন করা হয়েছে। কোথাও থাকছে বড় পর্দা, কোথাও আবার আলো ও বসার বিশেষ ব্যবস্থা।

মেলারমাঠ এলাকার বাসিন্দা তথা এই উদ্যোগের অন্যতম সংগঠক তমাল চক্রবর্তী জানান, এলাকার সকল বাসিন্দাকে একসঙ্গে বসে বিশ্বকাপ ফাইনাল উপভোগ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। খেলাকে কেন্দ্র করে সম্প্রীতি ও উৎসবের পরিবেশ তৈরি করাই তাঁদের মূল উদ্দেশ্য বলেও তিনি জানান।

শুধু বিভিন্ন ক্লাব বা পাড়াই নয়, রাজ্যের সর্বোচ্চ ফুটবল সংস্থা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন (টিএফএ)-ও বিশেষ উদ্যোগ নিয়েছে। সংস্থার পক্ষ থেকে রবিবার রাতে উমাকান্ত মিনি স্টেডিয়ামে ৩২ ফুট × ১৪ ফুটের বিশাল জায়ান্ট স্ক্রিনে ফাইনাল ম্যাচ সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। সকাল থেকেই সেখানে মঞ্চ নির্মাণ ও প্রযুক্তিগত প্রস্তুতির কাজ চলে। দর্শকদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা, পর্যাপ্ত আলোকসজ্জা, ফ্লাডলাইট এবং প্রয়োজনীয় পরিষেবারও ব্যবস্থা রাখা হয়েছে বলে জানা গেছে।

ফুটবলপ্রেমীদের মতে, বিশ্বকাপ ফুটবল শুধু একটি খেলা নয়, এটি আবেগের নাম। তাই রবিবার গভীর রাত পর্যন্ত শহরের বিভিন্ন প্রান্তে ফুটবলপ্রেমীদের ভিড় ও উল্লাসে মুখর হয়ে উঠবে রাজধানী আগরতলা।

সব মিলিয়ে বলা যায়, বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে ঘিরে আগরতলায় যেন উৎসবের আবহ। আর্জেন্টিনা না স্পেন—শেষ হাসি কে হাসবে, সেই উত্তর জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন হাজার হাজার ফুটবলপ্রেমী। রাজধানীও প্রস্তুত আরেকটি স্মরণীয় ফুটবল-রজনীর সাক্ষী হতে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande