
আগরতলা, ১৯ জুলাই (হি.স.) : রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (আরপিআই)-এর ত্রিপুরা রাজ্য শাখার ৭৪ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। আগরতলায় সাংবাদিক সম্মেলনে দলের রাজ্য সভাপতি অনন্ত দেববর্মা নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। তিনি জানান, ভারতীয় সংবিধানের প্রণেতা ড. ভীমরাও রামজি আম্বেদকর-এর আদর্শ ও সংবিধান প্রদত্ত অধিকারকে সমুন্নত রেখে রাজ্যের সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করবে দল।
দলের নতুন রাজ্য কমিটিতে ড্যানিয়েল বরক ও দিলীপ দেববর্মা-কে ওয়ার্কিং প্রেসিডেন্ট করা হয়েছে। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সূর্য মনি দেববর্মা এবং প্রমদ দেববর্মা। সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন জিতেন্দ্র দেববর্মা ও অর্জুন নমঃ সূত্রধর। এছাড়াও বিভিন্ন সাংগঠনিক দায়িত্বে মোট ৭৪ জনকে নিয়ে পূর্ণাঙ্গ রাজ্য কমিটি গঠন করা হয়েছে।
সাংবাদিক সম্মেলনে অনন্ত দেববর্মা বলেন, রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া ত্রিপুরায় সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ শুরু করেছে। রাজ্যের প্রতিটি জেলা, মহকুমা, ব্লক এবং গ্রাম পর্যায়ে দলের সংগঠনকে সম্প্রসারণ করা হবে। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়িয়ে তাঁদের সমস্যা ও দাবি-দাওয়া সরকারের কাছে তুলে ধরাই দলের অন্যতম লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, আসন্ন ভিলেজ কমিটির নির্বাচন এবং ২০২৮ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া প্রতিদ্বন্দ্বিতা করবে। নির্বাচনের জন্য এখন থেকেই সাংগঠনিক প্রস্তুতি শুরু হয়েছে এবং রাজ্যের বিভিন্ন এলাকায় দলীয় কর্মসূচি গ্রহণ করা হবে।
দলের রাজ্য সভাপতি বলেন, ত্রিপুরার তপশিলি জাতি (এসসি), তপশিলি উপজাতি (এসটি), অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি), সংখ্যালঘু সম্প্রদায়-সহ সমাজের প্রতিটি অংশের মানুষের অধিকার ও উন্নয়নের লক্ষ্যে দল কাজ করবে। সামাজিক ন্যায়, সমতা এবং সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠাই দলের মূল লক্ষ্য বলে তিনি জানান।
সাংবাদিক সম্মেলনে দলের অন্যান্য পদাধিকারীরাও উপস্থিত ছিলেন। তাঁরা জানান, রাজ্যের সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করে একটি শক্তিশালী বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়াকে প্রতিষ্ঠিত করাই তাঁদের আগামী দিনের প্রধান লক্ষ্য।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ