
আরামবাগ , ১৯ জুলাই (হি.স.): পুরশুড়ার দাপুটে তৃণমূল নেতা তথা পুরশুড়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি খোকন মল্লিককে গ্রেফতার করল পুলিশ। রবিবার কলকাতার বিধাননগর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পুরশুড়া থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালে খানাকুলের বালিপুর এলাকার এক ঠিকাদারকে মারধরের অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় তাঁর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে মামলাটি বিচারাধীন ছিল। ওই মামলার সূত্র ধরেই আজ রবিবার তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে।
পুলিশের দাবি, মামলার তদন্তের স্বার্থে খোকন মল্লিককে গ্রেফতার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
সোমবার তাঁকে আরামবাগ মহকুমা আদালতে পেশ করা হবে। আদালতে তাঁকে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে কি না, তা তদন্তের প্রয়োজনে সিদ্ধান্ত নেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর।
এই গ্রেফতারিকে ঘিরে পুরশুড়ার রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন মহলে জোর চর্চা শুরু হয়েছে। মামলার পরবর্তী শুনানি ও আদালতের নির্দেশের দিকেই এখন নজর রয়েছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA