
নয়াদিল্লি, ২৩ জুলাই (হি.স.): কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং আন্দোলনরত ছাত্রদের সঙ্গে যে কোনও জায়গায় আলোচনায় বসার কথা বলার পরই সরকারের কাছে পাল্টা প্রস্তাব দিল ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। সংগঠনের প্রধান মুখপাত্র সৌরভ দাস জানিয়েছেন, যন্তর মন্তর অথবা কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়ার মতো কোনও নিরপেক্ষ জায়গায় আলোচনায় বসতে প্রস্তুত তাঁরা।
দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সৌরভ দাস বলেন, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, যে কোনও জায়গায় আলোচনা হতে পারে। তাই সিজেপি ইতিমধ্যেই নিজেদের প্রস্তাব দিয়েছে। সরকার চাইলে যন্তর মন্তরে এসে অথবা কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়ার মতো কোনও নিরপেক্ষ জায়গায় আলোচনায় বসতে পারে।
তিনি বলেন, “আমরা এখনও সরকারের কাছ থেকে কোনও বার্তা পাইনি। সরকারের উচিত সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করা এবং কোথায়, কখন এবং কতক্ষণ আলোচনা হবে, তা নিয়ে কথা বলা।”
সরকারের সঙ্গে আলোচনার বিষয়ে সিজেপি-র অবস্থান স্পষ্ট করে সৌরভ দাস বলেন, সংগঠন আলোচনায় প্রস্তুত। তবে আলোচনার স্থান নিয়ে কোনও পক্ষের উপর চাপ থাকা উচিত নয়। তাঁর কথায়, “আমরা নিরপেক্ষ জায়গায় আলোচনায় বসতে প্রস্তুত।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পেপার লিকের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের ঘোষণারও সমালোচনা করেন সিজেপি মুখপাত্র। তিনি বলেন, এই ধরনের ঘোষণা কোনও কাজে আসবে না। এগুলি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা মাত্র।
সৌরভ দাস বলেন, “আমরা দায়বদ্ধতা এবং জবাবদিহি চাই। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের নিচে কোনও বিষয় নিয়ে আমরা কারও সঙ্গে আলোচনা করব না।”
উল্লেখ্য, এর আগে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আন্দোলনরত ছাত্রদের তাঁর বাসভবন বা দফতরে এসে আলোচনায় বসার আহ্বান জানিয়েছিলেন। তবে সিজেপি জানিয়েছিল, তারা কোনও মন্ত্রী বা নেতার বাড়ি বা দফতরে আলোচনায় যাবে না। বরং যন্তর মন্তর অথবা কোনও নিরপেক্ষ জায়গায় আলোচনায় বসতে প্রস্তুত তারা।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য