জিরানিয়ায় দিনদুপুরে সিপিআইএম নেতাকে ঘিরে বেধড়ক মার, জিবিপি হাসপাতালে ভর্তি
আগরতলা, ২৫ জুলাই (হি.স.) : কর্মস্থলে যাওয়ার পথে সিপিআইএম-এর জনৈক নেতার উপর দুষ্কৃতীদের হামলার ঘটনায় শনিবার জিরানিয়া মহকুমা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গুরুতর জখম অবস্থায় ওই নেতাকে প্রথমে রানিরবাজার গ্রামীণ হাসপাতালে এবং পরে উন্নত চি
আক্রান্ত ব্যক্তি হাসপাতালে


আগরতলা, ২৫ জুলাই (হি.স.) : কর্মস্থলে যাওয়ার পথে সিপিআইএম-এর জনৈক নেতার উপর দুষ্কৃতীদের হামলার ঘটনায় শনিবার জিরানিয়া মহকুমা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গুরুতর জখম অবস্থায় ওই নেতাকে প্রথমে রানিরবাজার গ্রামীণ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য আগরতলায় জিবিপি হাসপাতালে স্থানান্তর করা হয়।

আক্রান্ত সিপিআইএম নেতা সুনির্মল দাস, যিনি দলের জিরানিয়া মহকুমা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য। জানা গেছে, শনিবার সকালে বাড়ি থেকে রানিরবাজার বিদ্যামন্দিরে নিজের কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেন তিনি। অভিযোগ, পথে আগে থেকে ওঁত পেতে থাকা ৭-৮ জনের দুষ্কৃতীদল তাঁর পথরোধ করে অতর্কিত হামলা চালায়। হামলায় তিনি গুরুতরভাবে আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন।

ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে রানিরবাজার হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে আগরতলায় জিবিপি হাসপাতালে রেফার করেন। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে।

হামলার খবর ছড়িয়ে পড়তেই জিবিপি হাসপাতালে ছুটে যান বামফ্রন্টের বিধায়ক সুদীপ সরকার, সিপিআইএম নেতা তপন দাস-সহ দলের একাধিক নেতা-কর্মী। আহত নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাঁরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

এদিকে, এই ঘটনাকে গণতান্ত্রিক পরিবেশের উপর নৃশংস আঘাত বলে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন সিপিআইএম নেতা তপন দাস। তিনি অভিযোগ করেন, বিরোধী রাজনৈতিক কর্মীদের উপর ধারাবাহিকভাবে হামলার ঘটনা ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তবে এই ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত থানায় মামলা দায়ের বা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande