
তারকেশ্বর , ২৬ জুলাই (হি.স.): শ্রাবণী মেলা উপলক্ষে রবিবার তারকেশ্বরের ঐতিহ্যবাহী বাবা তারকনাথ মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তারকেশ্বরের বিধায়ক সন্তু পান, সিঙ্গুরের বিধায়ক ডঃ অরূপ দাস, আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুশান্ত বেরা সহ দলের একাধিক নেতা-কর্মী।
মন্দিরে বিশেষ পুজো ও প্রার্থনা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন, “রাজ্য সভাপতি থাকাকালীন এখানে এসেছিলাম। রাজ্যে সরকার গঠনের পর আবার এলাম। বাবা তারকনাথের কাছে প্রার্থনা করেছি, বাংলার সেই পুরোনো অন্ধকার দিন যেন আর ফিরে না আসে।”
এদিন শ্রাবণী মেলাকে কেন্দ্র করে তারকেশ্বর মন্দির চত্বরে ভক্তদের ব্যাপক সমাগম লক্ষ্য করা যায়। ভক্তদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং মন্দিরে পুজো দিয়ে সকলের মঙ্গল কামনা করেন। বিজেপি নেতৃত্বের উপস্থিতিকে ঘিরে মন্দির চত্বরে নিরাপত্তাও ছিল কড়া।
সুকান্ত মজুমদারের এই সফরকে রাজনৈতিক মহলেও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। শ্রাবণী মেলার আবহে ধর্মীয় আচার পালনের পাশাপাশি রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়েও তাঁর মন্তব্য নতুন করে রাজনৈতিক চর্চার জন্ম দিয়েছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA