
আসানসোল, ২৬ জুলাই (হি.স.): শনিবার থেকে নিখোঁজ থাকার পর রবিবার সকালে বাড়ির কাছের জঙ্গল থেকে উদ্ধার হলো ৬ বছরের এক শিশুর মৃতদেহ। ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ৫৪ নম্বর ওয়ার্ডের তুরী পাড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় রাজমিস্ত্রি ছোটু রুজ এবং গৃহপরিচারিকা পূর্ণিমা রুজ শনিবার সকালে কাজে বেরিয়ে যান। সন্ধ্যায় বাড়ি ফিরে শিশুপুত্রকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।
রবিবার সকালে স্থানীয় দুই যুবক জঙ্গলে কুকুরের চিৎকার শুনে সেখানে গিয়ে শিশুটির দেহ দেখতে পান। তবে পরিবারের দাবি, শনিবার ওই একই জঙ্গলে তল্লাশি চালানো হলেও সেখানে কাউকে পাওয়া যায়নি। ফলে কীভাবে সেখানে ওই দেহ এলো, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ