
আগরতলা, ২৬ জুলাই (হি.স.) : ত্রিপুরায় ক্রমবর্ধমান বেকারত্ব সমস্যার স্থায়ী সমাধান এবং যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর দাবিতে রাজ্য সরকারের কাছে পাঁচ দফা দাবি পেশ করলেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়। শনিবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে তিনি রাজ্যের বর্তমান কর্মসংস্থান পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সাংবাদিক সম্মেলনে গোপাল চন্দ্র রায় বলেন, দীর্ঘদিন ধরে রাজ্যের লক্ষাধিক শিক্ষিত যুবক-যুবতী চাকরির আশায় অপেক্ষা করছেন। কিন্তু বিভিন্ন সরকারি দফতরে বিপুল সংখ্যক শূন্য পদ থাকা সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়া ধীরগতির হওয়ায় বেকারত্বের সংকট আরও প্রকট হয়ে উঠছে। তিনি অভিযোগ করেন, কর্মসংস্থান নিয়ে সরকার বারবার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না।
তিনি বলেন, রাজ্যের উন্নয়নের জন্য যুবসমাজকে কর্মসংস্থানের আওতায় আনা অত্যন্ত জরুরি। তাই রাজনৈতিক বক্তব্য বা আশ্বাসের পরিবর্তে সরকারকে একটি সুস্পষ্ট ও সময়বদ্ধ কর্মসংস্থান নীতি বা রোডম্যাপ প্রকাশ করতে হবে। একই সঙ্গে বিভিন্ন সরকারি দফতরে শূন্য পদে দ্রুত ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান তিনি।
গোপাল চন্দ্র রায় জানান, রাজ্যের বেকার যুবকদের ভবিষ্যতের কথা মাথায় রেখেই পাঁচ দফা দাবি সরকারের কাছে পেশ করা হয়েছে। এই দাবিগুলি বাস্তবায়িত হলে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে এবং বহু শিক্ষিত যুবক-যুবতী উপকৃত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, বেকারদের স্বার্থে সরকার যেন দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করে এবং পাঁচ দফা দাবির প্রতিটি বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। কর্মসংস্থানই বর্তমানে রাজ্যের অন্যতম বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, এই সমস্যা সমাধানে রাজনৈতিক সদিচ্ছা ও প্রশাসনিক উদ্যোগ—দুটিই সমানভাবে প্রয়োজন।
সাংবাদিক সম্মেলনে বিধায়ক গোপাল চন্দ্র রায় বলেন, বেকার যুবকদের ন্যায্য দাবির প্রতি সরকার সংবেদনশীল না হলে আগামী দিনে বৃহত্তর গণআন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে।, রাজ্যের যুবসমাজের ভবিষ্যৎ সুরক্ষিত করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ