
বাঁকুড়া, ২৬ জুলাই (হি. স.): বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রবিবার বাঁকুড়ায় পালিত হল কার্গিল বিজয় দিবস। ১৯৯৯ সালের এই দিনে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভের পর ভারতীয় সেনা কার্গিল যুদ্ধের সমাপ্তি ঘোষণা করে। যুদ্ধে দেশের ৫২৭ জন বীর সেনা শহিদ হন। তাঁদের স্মরণে প্রতি বছর ২৬ জুলাই কার্গিল বিজয় দিবস পালন করা হয়।
রবিবার বাঁকুড়ার বেলিয়াতোড় যামিনী রায় কলেজের এনএসএস ইউনিট ও পাঠশালার উদ্যোগে কার্গিল বিজয় দিবস পালন করা হয়। সকালে এনএসএস স্বেচ্ছাসেবকরা কলেজ ক্যাম্পাস থেকে শোভাযাত্রা বের করে বেলিয়াতোড় বাজার পরিক্রমা করেন। দেশাত্মবোধক স্লোগানের মাধ্যমে মানুষের মধ্যে দেশপ্রেমের বার্তা তুলে ধরার পাশাপাশি পথচলতি মানুষদের মিষ্টিমুখ করানো হয়।
এরপর কলেজে ফিরে অমর জওয়ান বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে কার্গিল যুদ্ধে শহিদ বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
কলেজের পক্ষ থেকে হারাধন কর্মকার বলেন, “প্রতিবছরই আমরা এই দিনটি শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে পালন করি। এই কর্মসূচির উদ্দেশ্য নাগরিকদের মধ্যে দেশের প্রতি কর্তব্যবোধ ও দেশপ্রেম বাড়িয়ে তোলা। শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত জওয়ানদের এই বার্তাও দেওয়া যে, দেশরক্ষার কাজে তাঁদের পাশে রয়েছে গোটা দেশ।”
যুবসমাজের উদ্দেশে তিনি বলেন, “বিশেষ বিশেষ দিনে শুধু এআই-নির্মিত ছবি দিয়ে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেই হবে না। ভারতীয় সেনাবাহিনীর মনোবল আরও শক্ত করতে স্বশরীরে এগিয়ে এসে এই দিনগুলি উদযাপন করা উচিত।”
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট