
দেহরাদূন, ২৮ জুলাই (হি.স.): উত্তরাখণ্ডে টানা মুষলধারে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। প্রবল বর্ষণ ও ভূমিধসের আশঙ্কায় ২৮ ও ২৯ জুলাই দু'দিনের জন্য চারধাম যাত্রা স্থগিত রাখা হয়েছে। মঙ্গলবার গাড়ওয়াল বিভাগের কমিশনার আনন্দ স্বরূপ জানিয়েছেন, চারধাম যাত্রাপথের একাধিক জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে। তীর্থযাত্রীদের নিরাপত্তার স্বার্থে আপাতত যাত্রা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়া অনুকূল হলে এবং রাস্তা নিরাপদ ঘোষণা করা হলে পুনরায় যাত্রা শুরু হবে। প্রশাসনের পক্ষ থেকে তীর্থযাত্রীদের সরকারি নির্দেশিকা মেনে চলার আবেদন জানানো হয়েছে।
অন্যদিকে দেহরাদূন আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টা উত্তরাখণ্ডের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরকাশী, দেহরাদূন, টেহরি, রুদ্রপ্রয়াগ, চামোলি, পৌরি, হরিদ্বার, নৈনিতাল, বাগেশ্বর ও পিথোরাগড়ে ভারী বৃষ্টি, বজ্রপাত এবং তীব্র বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর ভূমিধস, পাথর গড়িয়ে পড়া, নদী-নালার জলস্তর বৃদ্ধি এবং জাতীয় ও রাজ্য সড়ক অবরুদ্ধ হওয়ার আশঙ্কার কথাও জানিয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেহরাদূন জেলার মালদেবতা এলাকায় সর্বাধিক ২৩৩ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া হাতিবড়কলায় ১৯৪.৫ মিমি, জৌলিগ্রান্টে ১৭২.২ মিমি, মুসৌরিতে ১৬৩ মিমি, উখিমঠে ১২০ মিমি, ডিডিহাটে ১০২ মিমি-সহ একাধিক এলাকায় ভারী বৃষ্টিপাত হয়েছে।
দেহরাদূনের নন্দা কি চৌকি এলাকায় একটি সেতুর সংযোগকারী রাস্তার নীচের মাটি ধুয়ে যাওয়ায় রাস্তার একাংশ ধসে পড়েছে। যদিও সেতুর মূল কাঠামো নিরাপদ রয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ চলছে। জেলাশাসক ড. আশিস চৌহান ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত রাস্তা চালুর নির্দেশ দিয়েছেন।
এদিকে, মঙ্গলবার সকালেও উত্তরাখণ্ডের বিভিন্ন জেলায় টানা ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। দেহরাদূন শহরের নিম্বুওয়ালা, গড়ি ক্যান্টনমেন্ট-সহ একাধিক এলাকায় প্রবল বর্ষণে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। দেহরাদূনে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। দুর্যোগের আশঙ্কায় মঙ্গলবার প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, কেদারনাথেও বৃষ্টি হলেও মঙ্গলবার সকাল থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হয়েছে। আবহাওয়া মনোরম হয়ে উঠতেই সকাল থেকেই বাবা কেদারের দর্শনের জন্য মন্দিরে ভিড় করতে শুরু করেন পুণ্যার্থীরা।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য