রাজ্য বিশ্ববিদ্যালয়গুলিতে চ্যান্সেলরের মনোনীত সদস্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক রাজ্যপালের
গুয়াহাটি, ৩০ জুলাই (হি.স.) : অসমের রাজ্যপাল তথা রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির চ্যান্সেলর লক্ষ্মণ প্রসাদ আচার্য আজ বৃহস্পতিবার লোক ভবন থেকে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়, মাজুলি ইউনিভার্সিটি অব কালচার, মাজুলি এবং অসম কৃষি বিশ্ববিদ্যালয়, যোরহাটের বিভিন্ন সংবি
ভার্চুয়াল বৈঠকে রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য


গুয়াহাটি, ৩০ জুলাই (হি.স.) : অসমের রাজ্যপাল তথা রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির চ্যান্সেলর লক্ষ্মণ প্রসাদ আচার্য আজ বৃহস্পতিবার লোক ভবন থেকে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়, মাজুলি ইউনিভার্সিটি অব কালচার, মাজুলি এবং অসম কৃষি বিশ্ববিদ্যালয়, যোরহাটের বিভিন্ন সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ ও পর্ষদে আচার্যের মনোনীত সদস্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন।

বৈঠকে রাজ্যপাল বলেন, চ্যান্সেলরের মনোনীত সদস্য হিসেবে তাঁদের নিয়োগ তাঁদের যোগ্যতা, সততা ও নিরপেক্ষতার স্বীকৃতি। তিনি বিশ্ববিদ্যালয়গুলিতে স্বচ্ছতা, জবাবদিহিতা, শিক্ষার উৎকর্ষ এবং সুশাসন প্রতিষ্ঠায় তাঁদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

রাজ্যপাল বলেন, বিশ্ববিদ্যালয় কেবল উচ্চশিক্ষার কেন্দ্র নয়, গবেষণা, উদ্ভাবন এবং চরিত্র গঠনের অন্যতম প্রতিষ্ঠান। তাই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্তৃপক্ষের বৈঠকে সক্রিয়ভাবে অংশ নিয়ে নীতি নির্ধারণ এবং গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণে গঠনমূলক মতামত দেওয়ার জন্য তিনি মনোনীত সদস্যদের অনুরোধ জানান।

রাজ্যপাল আচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় আইন, স্ট্যাটাস, অধ্যাদেশ এবং রেগুল্যাশন-এর বিধান অনুসারে গ্রহণ করতে হবে। পাশাপাশি অসম সরকার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশিকাও যথাযথভাবে অনুসরণ করতে হবে।

বৈঠকের আগে রাজ্যপাল প্রতিটি আলোচ্যসূচি গভীরভাবে অধ্যয়নের পরামর্শ দেন, যাতে প্রাথমিক পর্যায়েই সম্ভাব্য প্রশাসনিক বা প্রক্রিয়াগত ত্রুটি চিহ্নিত করা যায় এবং প্রতিষ্ঠানের বৃহত্তর স্বার্থে তথ্যভিত্তিক ও নিরপেক্ষ পরামর্শ দেওয়া সম্ভব হয়। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গৃহীত সিদ্ধান্তগুলির বাস্তবায়ন নিয়মিত পর্যবেক্ষণ এবং মুলতুবি বিষয়গুলির দ্রুত নিষ্পত্তির ওপরও গুরুত্ব আরোপ করেন।

চ্যান্সেলর হিসেবে তিনি শিক্ষাব্যবস্থা, প্রশাসন, আর্থিক ব্যবস্থাপনা এবং সুশাসন সংক্রান্ত যে কোনও বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও সুপারিশ জানানোর জন্য মনোনীত সদস্যদের আহ্বান জানান। রাজ্যপাল আশ্বাস দেন, প্রাপ্ত সুপারিশগুলি যথাযথভাবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলির কাছে পৌঁছে দেওয়া হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যপালের কমিশনার-সচিব এসএস মীনাক্ষী সুন্দরম, রাজ্যপালের সচিবালয়ের উপদেষ্টা অধ্যাপক হরবংশ দীক্ষিত, রাজ্যপালের ওএসডি অধ্যাপক বেচন লাল, রাজ্যপাল সচিবালয়ের যুগ্মসচিব অরিন্দম বরুয়া সহ অন্যান্য আধিকারিক।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande