বন্যাদুর্গতদের পাশে অসম বিজেপি, ত্রাণ ও পুনর্বাসন কাজে দিনরাত মাঠে কার্যকর্তারা
গুয়াহাটি, ৩০ জুলাই (হি.স.) : প্রলয়ঙ্করী বন্যায় অসমের তিনটি জেলার বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত হওয়ার পর ক্ষতিগ্রস্ত অঞ্চলে স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কার্যকর্তারা দিনরাত ত্রাণ ও পুনর্বাসনের কাজে নিয়োজিত রয়েছেন,
বন্যা ত্ৰাণ শিবিরে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা


গুয়াহাটি, ৩০ জুলাই (হি.স.) : প্রলয়ঙ্করী বন্যায় অসমের তিনটি জেলার বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত হওয়ার পর ক্ষতিগ্রস্ত অঞ্চলে স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কার্যকর্তারা দিনরাত ত্রাণ ও পুনর্বাসনের কাজে নিয়োজিত রয়েছেন, জানিয়েছে অসম প্রদেশ বিজেপি।

আজ বৃহস্পতিবার অটলবিহারী বাজপেয়ী ভবন থেকে সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে দলের মিডিয়া প্যানেলিস্ট আশিস ভরালি বলেন, বন্যার বিভীষিকায় বিপর্যস্ত মানুষের পাশে মানবিক সংবেদনশীলতা নিয়ে দাঁড়িয়েছেন বিজেপির কার্যকর্তারা। উদ্ধার অভিযান থেকে শুরু করে ত্রাণ বিতরণ এবং বর্তমানে ক্ষতিগ্রস্ত মানুষের বাড়িঘর পরিষ্কার-পরিচ্ছন্ন ও পুনর্বাসনের কাজেও তাঁরা সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।

বিবৃতিতে বলা হয়েছে, অসমের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন বন্যাকবলিত এলাকায় ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছেন দলের কার্যকর্তারা। বিশেষ করে কাদা ও পলিতে ভরে যাওয়া বাড়িঘর, উঠোন এবং আশপাশের এলাকা পরিষ্কারের কাজে বিজেপি যুব মোর্চার কার্যকর্তারা ব্যাপকভাবে অংশগ্রহণ করছেন। বুথ স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত দলের বিভিন্ন পর্যায়ের কার্যকর্তারা বন্যা শুরুর প্রথম দিন থেকেই ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় নিরলসভাবে কাজ করে চলেছেন।

বন্যাকবলিত নাজিরা, সোনারি, মাহমরা এবং ডিমৌ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক ময়ূর বড়গোহাঁই, ধর্মেশ্বর কোঁওর, সুরজ দিহিঙিয়া এবং সুশান্ত বড়গোহাঁই এলাকায় অবস্থান করে নিয়মিত ত্রাণ ও সহায়তা কার্যক্রম পরিচালনা করছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এছাড়া রাজ্যের মন্ত্রী বিমল বরা, অতুল বরা, অজন্তা নেওগ, রামেশ্বর তেলি এবং কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্ঘেরিটা বন্যাদুর্গত মানুষের সমস্যা ও অভিযোগের দ্রুত সমাধানে নিরলসভাবে কাজ করছেন, জানিয়েছে বিজেপি।

অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা এবং প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া ইতিমধ্যেই বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন। তাঁরা ক্ষতিগ্রস্ত জেলাগুলির পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখছেন এবং যেখানে যা প্রয়োজন, তা দ্রুত নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দিচ্ছেন বলে দলীয় বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে বুধবার অসম প্রদেশ বিজেপির সদর দফতর অটলবিহারী বাজপেয়ী ভবন থেকে প্রায় ১৬ কোটি টাকার ত্রাণসামগ্রী নিয়ে এক প্রতিনিধি দল বন্যাকবলিত এলাকায় পৌঁছেছে। এই ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ১ লক্ষ ৮০ হাজার মেখেলা-চাদর, ১ লক্ষ ৮০ হাজার শিশুর টি-শার্ট এবং ১ লক্ষ ৫০ হাজার মশারি।

অন্যদিকে, অসম সমবায় সমিতির এপেক্স ব্যাংক লিমিটেড বন্যাদুর্গতদের স্বস্তি দিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। সিদ্ধান্ত অনুযায়ী শিবসাগর এবং চড়াইদেও জেলার ওই ব্যাংকের ঋণগ্রহীতারা আগামী ছয় মাস পর্যন্ত কোনও ইএমআই পরিশোধ না করেও ঋণ সুবিধা বজায় রাখতে পারবেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande