
আলিপুরদুয়ার, ২৮ জুলাই (হি.স.) : আলিপুরদুয়ারের ফালাকাটায় ইস্ট-ওয়েস্ট করিডোরের চার লেন সম্প্রসারণের কাজের সময় এক বড় বিপত্তি দেখা দিয়েছে। অভিযোগ, ন্যাশনাল হাইওয়ে অথরিটির বুলডোজারের ধাক্কায় জনস্বাস্থ্য কারিগরি দফতরের (পিএইচই) পরিস্রুত পানীয় জলের পাইপলাইন ফেটে গেছে। এর ফলে গত শনিবার থেকে শিশাগোড় ও বালুরঘাটের মধ্যবর্তী এলাকা সহ তিনটি গ্রামে মারাত্মক পানীয় জলের সংকট তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিশাগোড়, কালীপুর এবং পার পাতলাখাওয়া গ্রামে রবিবার থেকে পিএইচই-র জল সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। একদিকে তীব্র গরম, অন্যদিকে জলের চরম সংকট—এই দুই মিলিয়ে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। বাধ্য হয়ে অনেকেই চড়া দামে জল কিনছেন, আবার কেউ কেউ নলকূপের জল ফুটিয়ে ব্যবহার করতে বাধ্য হচ্ছেন।
মঙ্গলবার গ্রামবাসীরা অভিযোগ করেছেন, গত তিন দিন ধরে ভাঙা পাইপলাইন থেকে অবিরত পরিস্রুত জল বেরিয়ে রাস্তায় জমছে। ফলে তিনটি গ্রামে পানীয় জলের অভাব যেমন বাড়ছে, তেমনই জাতীয় সড়কের পাশে কৃত্রিম জলজটের সৃষ্টি হয়েছে। তা সত্ত্বেও জল অপচয় রোধ বা পাইপলাইন মেরামতির জন্য কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
এ বিষয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের দাবি, সড়ক সম্প্রসারণ ও চার লেনের প্রকল্পের জন্য পুরোনো পাইপলাইন আগেই সরিয়ে নেওয়ার কথা ছিল। এই পরিস্থিতিতে কাজের সময় পাইপলাইন ভাঙলে তার মেরামতির সম্পূর্ণ দায় পিএইচই দফতরের।
অন্যদিকে, জনস্বাস্থ্য কারিগরি দফতর আশ্বস্ত করে জানিয়েছে যে দ্রুত পাইপলাইন মেরামত করে জল সরবরাহ স্বাভাবিক করা হবে।
হিন্দুস্থান সমাচার / সোনালি