দুর্গাপুরে মন্দিরের সিংহাসন ভাঙচুরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, ‘পাতাল থেকে খুঁজে গ্রেফতার’ হুঁশিয়ারি বিজেপি বিধায়কের
দুর্গাপুর, ২৮ জুলাই (হি.স.): মন্দিরের সিংহাসন ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনা ছড়াল দুর্গাপুরের অমরাবতী এলাকায়। অভিযোগ, মন্দিরে ঢুকে শ্বেতপাথরের তৈরি সিংহাসন ভেঙে দেওয়া হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষ
দুর্গাপুরে মন্দিরের সিংহাসন ভাঙচুরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, ‘পাতাল থেকে খুঁজে গ্রেফতার’ হুঁশিয়ারি বিজেপি বিধায়কের


দুর্গাপুর, ২৮ জুলাই (হি.স.): মন্দিরের সিংহাসন ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনা ছড়াল দুর্গাপুরের অমরাবতী এলাকায়। অভিযোগ, মন্দিরে ঢুকে শ্বেতপাথরের তৈরি সিংহাসন ভেঙে দেওয়া হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে সরব হন তাঁরা। ঘটনায় কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি বিধায়ক। দুর্গাপুর নিউ টাউনশিপ থানার অন্তর্গত অমরাবতীর শিবশক্তি মন্দিরে এই ঘটনা ঘটেছে।

এদিন স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরনো এই মন্দির সংস্কার করে নতুনভাবে সাজানো হয়েছে। মন্দিরের শ্বেতপাথরের তৈরি সিংহাসনে দেবদেবীদের অধিষ্ঠান। প্রতিদিন নিয়ম মেনে পুজো হয় এখানে।

অভিযোগ, সোমবার গভীর রাতে মন্দিরে ঢুকে সিংহাসন ভাঙচুর করা হয়। জানা গিয়েছে, শিবশক্তি মন্দির কমিটির সঙ্গে দীর্ঘদিন ধরে তৃণমূল নেতা বিশ্বজিৎ বিশ্বাসের বিবাদ চলছিল। অভিযোগ, সোমবার রাতে মন্দিরের সেবাইতদের কাছ থেকে চাবি নিয়ে বিশ্বজিৎ বিশ্বাস মন্দিরে প্রবেশ করেন। এরপর তালা খুলে শ্বেতপাথরের একটি সিংহাসন ভেঙে দেন বলে অভিযোগ।

ঘটনা জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিশ। মন্দির কমিটির চেয়ারম্যান সুবোধ গোস্বামী অভিযোগ করেন, “এই ঘটনায় মানুষের ভাবাবেগে আঘাত লেগেছে। যে সিংহাসনটি ভাঙা হয়েছে, সেটি অত্যন্ত মূল্যবান।”

অভিযুক্তের শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর থেকেই অভিযুক্ত তৃণমূল নেতা পলাতক বলে দাবি।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানিয়ে তিনি বলেন, “তৃণমূলের কালচার এগুলো। আমরা নিউ টাউনশিপ থানার পুলিশকে বিষয়টি জানিয়েছি। বিশ্বজিৎ বিশ্বাস যদি পাতালেও লুকিয়ে থাকে, তাহলেও তাকে খুঁজে বের করে গ্রেফতার করতে হবে।”

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande