
হুগলি, ২৯ জুলাই (হি.স.): বুধবার আরামবাগের রবীন্দ্রভবনে অনুষ্ঠিত ‘বিকশিত ভারত শ্রী রাম জি পঞ্চ সম্মেলন’-এ যোগ দিলেন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগাড়। এই সম্মেলনে দেশের সামগ্রিক উন্নয়ন, গ্রামীণ পরিকাঠামো, সামাজিক অগ্রগতি এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এদিন সম্মেলনে উপস্থিত থেকে বিধায়ক প্রশান্ত দিগাড় বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি সম্পর্কে নিজের মতামত তুলে ধরেন এবং এলাকার উন্নয়নের স্বার্থে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
সম্মেলনের পাশাপাশি তিনি আরামবাগ সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার মহোদয়ের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকও করেন। বৈঠকে এলাকার স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন, রোগীদের চিকিৎসা সুবিধা বৃদ্ধি, হাসপাতালের পরিকাঠামোর উন্নয়ন এবং বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সমাধান নিয়ে বিষদ আলোচনা হয়।
বিধায়ক জানান, সাধারণ মানুষের উন্নত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে তিনি সর্বদা সচেষ্ট এবং ভবিষ্যতে স্বাস্থ্য ক্ষেত্রে আরও উন্নয়নের জন্য প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হবে। এই বৈঠক এলাকার স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে বলেই মনে করছে সচেতন মহল।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA