বন্যাদুর্গতদের জন্য ১৬ কোটি টাকার ত্রাণসামগ্রী প্রেরণ অসম প্রদেশ বিজেপির
শিবসাগর, চড়াইদেও, যোরহাট ও গোলাঘাটের দুর্গতদের পাশে দল, ত্রাণ অভিযানের সূচনা মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের গুয়াহাটি, ২৯ জুলাই (হি.স.) : ‘সেবাই সংগঠন’, এই মন্ত্রকে সামনে রেখে বন্যাকবলিত আপার আসামের মানুষের পাশে দাঁড়াতে ১৬ কোটি টাকার ত্রাণসামগ্রী নিয
পতাকা নেড়ে ১৬ কোটি টাকার ত্রাণসামগ্রী বোঝাই ট্ৰাকের যাত্রা করাচ্ছেন মুখ্যমন্ত্রী, প্রদেশ বিজেপি-সভাপতি সহ অন্যরা


মেখেলা, টি-শার্ট ইত্যাদি দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী


শিবসাগর, চড়াইদেও, যোরহাট ও গোলাঘাটের দুর্গতদের পাশে দল, ত্রাণ অভিযানের সূচনা মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের

গুয়াহাটি, ২৯ জুলাই (হি.স.) : ‘সেবাই সংগঠন’, এই মন্ত্রকে সামনে রেখে বন্যাকবলিত আপার আসামের মানুষের পাশে দাঁড়াতে ১৬ কোটি টাকার ত্রাণসামগ্রী নিয়ে প্রতিনিধি দল পাঠিয়েছে অসম প্রদেশ ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। গুয়াহাটির অটলবিহারী বাজপেয়ী ভবনের প্রাঙ্গণে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা এবং প্রদেশ বিজেপি-সভাপতি দিলীপ শইকিয়া আনুষ্ঠানিকভাবে এই ত্রাণ অভিযানের সূচনা করেছেন। এছাড়া পীযূষ হাজরিকা, বিশ্বজিৎ দৈমারি, কৌশিক রায় সহ একাধিক মন্ত্রী, বিধায়ক, দলের বিভিন্ন স্তরের পদাধিকারী এবং গুয়াহাটির মেয়র মৃগেণ শরণিয়া ত্রাণ অভিযানের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

গত ১৯ জুলাই নাগাল্যান্ডে প্রবল বৃষ্টিপাতের জেরে সৃষ্ট আকস্মিক ও প্রলয়ঙ্করী বন্যায় উজান অসমের যোরহাট, শিবসাগর ও চড়াইদেও জেলার বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুর্যোগে বহু মানুষের প্রাণহানির পাশাপাশি ২,১০১টি গ্রামের প্রায় ১১ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং হাজার হাজার বাড়িঘর ধ্বংস হয়ে গিয়েছে। পরে গোলাঘাট জেলাও বন্যার কবলে পড়ে।

বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যা শুরু হওয়ার পর থেকেই দলের কার্যকর্তারা দুর্গতদের উদ্ধারে ও ত্রাণ পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত রয়েছেন। এবার দলীয় কার্যকর্তাদের অনুদানে সংগৃহীত ১৬ কোটি টাকার ত্রাণসামগ্রী শিবসাগর ও চড়াইদেও জেলায় পাঠানো হয়েছে। পাশাপাশি যোরহাট ও বন্যায় ক্ষতিগ্রস্ত গোলাঘাট জেলায়ও ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হবে।

ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ১ লক্ষ ৮০ হাজার মেখেলা-চাদর, ১ লক্ষ ৮০ হাজার শিশুর টি-শার্ট এবং ১ লক্ষ ৫০ হাজার মশারি।

ত্রাণ অভিযানের সূচনা করে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা বলেন, শিবসাগর, চড়াইদেও, যোরহাট এবং গোলাঘাট জেলায় বন্যার প্রভাব সাধারণ মানুষের জীবন ও জীবিকাকে মারাত্মকভাবে বিপর্যস্ত করেছে। সংকটজনক এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা প্রদান করতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বন্যাদুর্গতদের সহায়তায় এগিয়ে আসা বিভিন্ন সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংস্থা এবং ব্যক্তিগত উদ্যোগে সাহায্যকারী সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী স্মরণ করিয়ে দেন, বন্যাদুর্গতদের জন্য ইতিমধ্যেই একাধিক আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বন্যায় মৃত ব্যক্তির পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে ৪ লক্ষ টাকা এবং মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লক্ষ টাকা, মোট ৯ লক্ষ টাকা প্রদান, এক মাস পর নিখোঁজ ব্যক্তিদের পরিবারকে একই অনুদান, ৩ আগস্টের পরিবর্তে ১ আগস্ট বন্যাকবলিত পরিবারগুলির জন্য বিশেষ অরুণোদয় প্রকল্পের আওতায় ২,৫০০ টাকা প্রদান, শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক ও ইউনিফর্ম বিতরণ, উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর স্তরের শিক্ষার্থীদের যথাক্রমে ১,০০০, ৩,০০০ এবং ৫,০০০ টাকা আর্থিক সহায়তা এবং হারিয়ে যাওয়া শিক্ষাগত নথির বিনামূল্যে প্রতিলিপি প্রদানের সিদ্ধান্ত রয়েছে।

এছাড়া বন্যাকবলিত চার জেলার ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে জরুরি সহায়তা হিসেবে ১৫ হাজার টাকা করে প্রদান করা হচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের বিভিন্ন ব্যাঙ্কের ঋণ পরিশোধে বিশেষ সুবিধা দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতরমনের নির্দেশে তিনি আগামীকাল রাজ্যের সব ব্যাঙ্কের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন বলেও জানান মুখ্যমন্ত্রী।

প্ৰদেশ বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া মুখ্যমন্ত্রীর গৃহীত পদক্ষেপগুলির প্রশংসা করে বলেন, এবারের দুর্যোগের প্রথম দিন থেকেই দলের কার্যকর্তারা উদ্ধারকাজ, ত্রাণ বিতরণ এবং দুর্গতদের সহযোগিতায় নিরলসভাবে কাজ করে চলেছেন। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্যাদুর্গত মানুষের পাশে থাকার জন্য তিনি দলের সকল কার্যকর্তার প্রতি আহ্বান জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande