
পশ্চিম বর্ধমান, ২৯ জুলাই (হি.স.): কুলটি থানার অন্তর্গত চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে ডুবুরডিহি চেকপোস্টে একটি ছয় চাকার ট্রাক থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশিকালে ট্রাকটি থেকে ১৫টি গরু উদ্ধার করা হয়। গবাদি পশু পরিবহনের উপযুক্ত নথিপত্র দেখাতে না পারায় পুলিশ ট্রাক সহ সমস্ত গরু বাজেয়াপ্ত করে এবং চালক ও খালাসিকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া অভিযুক্তদের নাম ধর্মেন্দ্র কুমার এবং হরেকৃষ্ণ সিং। তাঁদের বুধবার আসানসোল আদালতে পেশ করা হয়। ঘটনার বিস্তারিত তদন্তের স্বার্থে অভিযুক্তদের পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গরুগুলিকে বিহার থেকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল। গবাদি পশুগুলি কী উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। মামলার তদন্ত জারি রয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি