
গুয়াহাটি, ২৯ জুলাই (হি.স.) : অসমের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে একাধিক গুরুত্বপূর্ণ ত্রাণ ও আর্থিক সহায়তার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। মঙ্গলবার রাতে ফেসবুক লাইভের মাধ্যমে মুখ্য়মন্ত্ৰী জানান, বন্যায় প্রাণ হারানো প্রত্যেক ব্যক্তির পরিবারকে মোট ৯ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী, কৃষক, তাঁতশিল্পী এবং বন্যাৰ্ত পরিবারগুলির জন্যও বিশেষ সহায়তার ঘোষণা করা হয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, বন্যায় মৃত প্রত্যেক ব্যক্তির নিকটাত্মীয়কে মোট ৯ লক্ষ টাকা দেওয়া হবে। এর মধ্যে ৪ লক্ষ টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে এবং ৫ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রদান করা হবে। এই আর্থিক সহায়তা পেতে মৃতদেহের ময়নাতদন্তের প্রয়োজন হবে না বলেও স্পষ্ট করেন তিনি।
ড. হিমন্তবিশ্ব শর্মা জানান, উদার ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ইতিমধ্যেই ২৬ কোটি ৫৮ লক্ষ টাকা জমা পড়েছে।
বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বিনামূল্যে মার্কশিট ও অন্যান্য শিক্ষাগত শংসাপত্র পুনরায় প্রদান করা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত বিদ্যালয়গুলিকে স্কুল ইউনিফর্ম কেনার জন্য নতুন করে আর্থিক বরাদ্দ দেওয়া হবে এবং বিনামূল্যে পাঠ্যপুস্তকও পুনর্বিতরণ করা হবে।
শিক্ষার্থীদের জন্য বিশেষ আর্থিক সহায়তারও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এর অধীনে উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা পাবেন ১,০০০ টাকা, স্নাতক স্তরের শিক্ষার্থীরা ৩,০০০ টাকা এবং স্নাতকোত্তর স্তরের শিক্ষার্থীরা ৫,০০০ টাকা করে।
তিনি আরও জানান, যে সব পরিবারের বাড়িঘর, পুকুর, তাঁত কিংবা কৃষিজমি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবে।
এছাড়া, উজান অসমের বন্যাদুৰ্গত পরিবারগুলিকে তাৎক্ষণিক ত্রাণ হিসেবে ১৫ হাজার টাকা করে দেওয়া হবে। আগামী তিন থেকে চার দিনের মধ্যেই এই অর্থ সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে, জানান মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন, শিবসাগর, চড়াইদেও, যোরহাট এবং গোলাঘাট জেলার অরুণোদয় প্রকল্পের মহিলা উপভোক্তারা এ মাসে ১,২৫০ টাকার পরিবর্তে ২,৫০০ টাকা করে পাবেন। নির্ধারিত ৩ আগস্টের পরিবর্তে আগামী ১ আগস্টই এই অর্থ তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হবে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস