
কলকাতা, ২৯ জুলাই (হি.স.): পবিত্র গুরুপূর্ণিমা উপলক্ষে ভক্তি, শ্রদ্ধা ও ধর্মীয় আবহে মুখর হয়ে উঠল মন্মথপুর প্রণব মন্দির। এদিন ভোর থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত ও দর্শনার্থীদের চোখে পড়ার মতো ভিড় ছিল। দিনভর নানা ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে উৎসবটি উদযাপিত হয়।
অনুষ্ঠানের অন্যতম মূল আকর্ষণ ছিল মন্মথপুর প্রণবানন্দ বিদ্যামন্দিরের ছাত্রছাত্রীদের বিশেষ উদ্যোগ। তারা এদিন নিজেদের শিক্ষাগুরুদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পাঞ্জলি অর্পণ করে। এর পাশাপাশি, সঙ্ঘের পরম্পরায় দীক্ষিত ভক্তরা তাঁদের গুরুদেবের প্রতিকৃতির সামনে ভক্তিভরে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। এদিন মন্দিরের পক্ষ থেকে সাতজন প্রবীণ শিক্ষাগুরুকে বিশেষ সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে শ্রীশ্রী গুরুদেবের আধ্যাত্মিক আদর্শ এবং ভক্ত-শিষ্যদের জীবনে তাঁর প্রভাব নিয়ে আলোকপাত করা হয়। এর পাশাপাশি মন্মথপুর শিক্ষাভবন হাইস্কুল এবং কুমারপুর-জহরপুর কানাইলাল বিদ্যানিকেতনের ছাত্রছাত্রীদের মধ্যে স্বামী প্রণবানন্দজী মহারাজের জীবনদর্শন ও শিক্ষাগুরুর প্রতি শ্রদ্ধাবোধ গড়ে তোলার বিশেষ উদ্যোগ নেওয়া হয়।
মন্দিরের পক্ষ থেকে উপস্থিত শিক্ষক-শিক্ষিকাদেরও সংবর্ধিত করা হয়। মন্দির কর্তৃপক্ষের মতে, গুরুকৃপাই সাধনার মূল ভিত্তি। গুরুদেবের আদর্শে অনুপ্রাণিত হয়ে মানবসেবায় আত্মনিয়োগ করাই এই উৎসবের প্রধান বার্তা।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত