
কলকাতা, ২৯ জুলাই (হি. স.) : নবগঠিত বিজেপি সরকারের আমলে কলকাতা শহরের প্রশাসনিক কাঠামোয় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত রিপোর্ট জমা পড়ার পর ১৪৪ থেকে ওয়ার্ড সংখ্যা বাড়িয়ে ২০০ করার সম্ভাবনা জোরালো হয়েছে। তবে বোরোর সংখ্যা আপাতত ১৬-ই থাকছে বলে পুরসভা সূত্রের খবর। নতুন বিন্যাস অনুযায়ী, আটটি - (৮) টি বোরোয় থাকবে ১৩টি করে ওয়ার্ড এবং বাকি আটটি - (৮), বোরোয় ১৪টি করে ওয়ার্ড। যদিও ভবিষ্যতে নির্বাচিত বোর্ড চাইলে বোরোর সংখ্যা পুনর্বিবেচনা করতেই পারে।
কর্পোরেশন সূত্রে বুধবার জানা গিয়েছে যে, প্রথম ১০০টি ওয়ার্ড এলাকায় যুক্ত হচ্ছে আরও ৩০টি নতুন ওয়ার্ড। অন্যদিকে, বাকি ৪৪টি ওয়ার্ড এলাকায় তৈরি হচ্ছে ২৬টি নতুন ওয়ার্ড। সব মিলিয়ে বাড়ছে ৫৬টি ওয়ার্ড। সংযুক্ত এলাকার জমির মালিকানা ভূমি ও ভূমি-রাজস্ব দফতরের অধীনে থাকায় মূল ও সংযুক্ত এলাকা মিলিয়ে কোনও নতুন ওয়ার্ড গঠন করা হচ্ছে না। বিধানসভা কেন্দ্রের বর্তমান সীমানাও অপরিবর্তিত রাখা হয়েছে। ইতিমধ্যেই বোরো ডিলিমিটেশন কমিটির রিপোর্ট পৌঁছেছে কেন্দ্রীয় ডি-লিমিটেশন কমিটির কাছে। প্রশাসক স্মিতা পাণ্ডে আইন বিভাগের সহায়তায় রিপোর্ট খতিয়ে দেখছেন। প্রাথমিক খসড়া প্রকাশিত হবে ৩১ জুলাই। এরপর রাজনৈতিক দল ও সাধারণ নাগরিকদের মতামত ও সংশোধনের আবেদন গ্রহণ করা হবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত