
মালদা, ২৯ জুলাই (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিকে অশোভন ও অপমানজনকভাবে প্রদর্শন করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে মালদার চাঁচল থানায় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পক্ষ থেকে বুধবার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মণ্ডল সভাপতি মৃগাঙ্ক দাস বলেন, দেশের প্রধানমন্ত্রীর এমন অপমান অত্যন্ত নিন্দনীয়। আমরা অভিনেত্রীর অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি। পুলিশ প্রশাসন যদি দ্রুত আইনি ব্যবস্থা না নেয়, তবে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।
বিজেপির অভিযোগ, সম্প্রতি কলকাতার ধর্মতলায় নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভে ওই অভিনেত্রী অংশ নিয়েছিলেন।
অভিযোগ অনুযায়ী, সেই সময় তিনি প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত একটি বিতর্কিত পোস্টার হাতে দাঁড়িয়ে ছিলেন, যেখানে মোদীর ছবিটিকে আপত্তিজনকভাবে তুলে ধরা হয়েছিল। পরবর্তীতে সেই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
বুধবার চাঁচল থানায় অভিযোগ দায়ের করার সময় বিজেপির মণ্ডল ৪-এর সাধারণ সম্পাদক মনোজ সরকার, মণ্ডল সভাপতি মৃগাঙ্ক দাস এবং বিজেপি নেতা অয়ন রায় সহ বহু কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি