নিউ হারাঙ্গাজাও স্টেশনে রেললাইনের মাটি ধসে রেল পরিষেবা ব্যাহত, বহু ট্রেন বাতিল ও পুনঃসূচীকরণ
হাফলং (অসম), ২৯ জুলাই (হি.স.) : লামডিং-বদরপুর পাহাড় লাইনের নিউ হারাঙ্গাজাও স্টেশনে রেললাইনের নীচের মাটি ধসে পড়ায় ওই রুটে ট্রেন চলাচল এখনও স্বাভাবিক হয়নি। যার ফলে যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। পাহাড় লাইনের বিভিন্ন স্টেশনে দূরপাল্লার ট্রেনগ
নিউ হারাঙ্গাজাও রেল স্টেশনে চলছে রেললাইন মেরামতের কাজ


হারাঙ্গাজাও রেল স্টেশন


হাফলং (অসম), ২৯ জুলাই (হি.স.) : লামডিং-বদরপুর পাহাড় লাইনের নিউ হারাঙ্গাজাও স্টেশনে রেললাইনের নীচের মাটি ধসে পড়ায় ওই রুটে ট্রেন চলাচল এখনও স্বাভাবিক হয়নি। যার ফলে যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। পাহাড় লাইনের বিভিন্ন স্টেশনে দূরপাল্লার ট্রেনগুলিকে ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা হয়। প্রচণ্ড গরমে ট্রেনের যাত্রীরা ব্যাপক সমস্যায় পড়েছেন।

আজ বুধবার শিলচর-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিলচর থেকে নির্ধারিত সময়ে ছেড়ে আসার পরও ওই ট্রেনটি বান্দরখাল স্টেশনে প্রায় দুই ঘণ্টা আটকে রাখা হয়। এতে রেল যাত্রীরা প্রচণ্ড দুর্ভোগের মধ্যে পড়েন। এদিকে নিউ হারাঙ্গাজাও স্টেশন সংলগ্ন ট্র্যাকের ক্ষতিগ্রস্ত অবস্থার দরুন স্টেশনের লাইন নং-১ এবং লাইন নং-২ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

উত্তরপূর্ব সীমান্ত রেলএয়ে কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, লাইন-১ গত ২০ জুলাই দুপুর ১২টা থেকে এবং লাইন-২ গত ২৩ জুলাই রাত ১১টা ৫ মিনিট থেকে বন্ধ রয়েছে। বর্তমানে সমস্ত ট্রেন শুধুমাত্র লাইন নং-৩ দিয়ে চলাচল করছে। তবে লাইন-৩-এর ট্র্যাকের অবস্থাও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে সন্ধ্যারাত ৭-টা থেকে ভোর ৫-টা পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচল সীমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই পরিস্থিতিতে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে ২৫ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত বিভিন্ন দিনে একাধিক এক্সপ্রেস ট্রেন বাতিল, পুনঃসূচীকরণ এবং পথিমধ্যে নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে।

বাতিলকৃত ট্রেনগুলি যথাক্রমে ১৫৬১৭ নম্বর গুয়াহাটি-দুল্লভছড়া এক্সপ্রেস, ১৫৬১৮ নম্বর দুল্লভছড়া-গুয়াহাটি এক্সপ্রেস, ১৫৬১৫ নম্বর গুয়াহাটি-শিলচর এক্সপ্রেস এবং ১৫৬১৬ শিলচর-গুয়াহাটি এক্সপ্রেস।

এছাড়া ১৫৬৫০ নম্বর নারেঙ্গি-আগরতলা, ১৫৬৪৯ নম্বর আগরতলা-নারেঙ্গি, ১৫৬০৯ নম্বর গুয়াহাটি-সাইরাং, ১৫৬১০ নম্বর সাইরাং-গুয়াহাটি, ১৫৬১১ নম্বর রাঙিয়া-শিলচর, ১৫৬১২ নম্বর শিলচর-রঙিয়া, ২০৫০১ নম্বর আগরতলা-আনন্দ বিহার তেজস এক্সপ্রেস, ১৪৬১৯ নম্বর আগরতলা-ফিরোজপুর এক্সপ্রেস, ১৫৬০৮ নম্বর শিলচর-তিরুবনন্তপুরম এক্সপ্রেস সহ একাধিক ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় কয়েক ঘণ্টা বিলম্বে চলবে।

অন্যদিকে, ১২৫০৩ নম্বর বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট-আগরতলা, ১২৫০১ নম্বর কলকাতা-আগরতলা, ১৫৬২৫ নম্বর দেওঘর-আগরতলা, ১৭০৩১ নম্বর চারলাপল্লী-আগরতলা সহ কয়েকটি ট্রেনকে পথিমধ্যে সুবিধাজনক স্থানে নিয়ন্ত্রণ করে চালানো হবে বলে জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কৰ্তৃপক্ষ।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কৰ্তৃপক্ষ জানিয়েছেন, ট্র্যাক সম্পূর্ণ নিরাপদ ঘোষণা না হওয়া পর্যন্ত এই ব্যবস্থা বহাল থাকবে। যাত্রীদের যাত্রা করার আগে সংশ্লিষ্ট ট্রেনের সর্বশেষ অবস্থান ও সময়সূচি জানতে রেলওয়ের তথ্য পরিষেবা বা অনুসন্ধান কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande