
হাফলং (অসম), ২৯ জুলাই (হি.স.) : উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের বিশেষ বাজেট অধিবেশন আগামী ৩ এবং ৪ আগস্ট অনুষ্ঠিত হবে। পরিষদের মোট সদস্যের দুই-তৃতীয়াংশ সদস্যের আবেদনের ভিত্তিতে এই বিশেষ অধিবেশন আহ্বান করা হয়েছে।
পরিষদের আইন বিভাগ কৰ্তৃক জারিকৃত এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট ২০ জন সদস্যের স্বাক্ষরযুক্ত আবেদনপত্র পাওয়ার পর পরিষদের অধ্যক্ষ এই বিশেষ অধিবেশন আহ্বান করেছেন। সদস্যদের এই সংখ্যা পরিষদের মোট সদস্য সংখ্যার প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশের সমান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আসাম অটোনোমাস ডিস্ট্রিক্টস [কনস্টিটিউশন অব ডিস্ট্রিক্ট কাউন্সিলস) রুলস, ১৯৫১ (সংশোধিত)]-এর রুল ৩৬-এর সাব-রুল ৩-এর দ্বিতীয় প্রভিশন অনুযায়ী এই অধিবেশন ডাকা হয়েছে।
আগামী ৩ এবং ৪ আগস্ট হাফলঙে অবস্থিত উত্তর কাছাড় স্বশাসিত পরিষদের অধিবেশন কক্ষে সকাল ১১টা থেকে বাজেট অধিবেশন শুরু হবে। এই বিশেষ বাজেট অধিবেশনে ২০২৬-২৭ অর্থবর্ষের এনট্রাস্টেড বাজেট এবং কাউন্সিল নর্মাল সেক্টরের বাজেট উপস্থাপন এবং তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
উল্লেখ্য, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের আইন বিভাগের সচিব ২৩ জুলাই, স্মারক নং এল-এসএস ৩/২০২৪-২৫/৯২-এর মাধ্যমে এই বিজ্ঞপ্তি জারি করেছেন।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব