
কলকাতা, ২৯ জুলাই (হি.স.): রাজ্য সরকার শিক্ষার পরিকাঠামোর উন্নয়নে বিদ্যালয়গুলিকে আর্থিক অনুদান দিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুধবার বিকেলে নবান্ন সভাঘর থেকে ভার্চুয়ালি রাজ্যের এই রকম ৮০,৩৭৫-টি সরকারি ও সরকারি সাহায্য প্রাপ্ত বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে অনুদান তুলে দেন। সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ ও পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ৮০,৩৭৫টি সরকারি ও সরকারি-সহায়তাপ্রাপ্ত স্কুলে কম্পোজিট স্কুল গ্রান্ট প্রদান করা হয় এদিন।
বুধবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু জানান, আলাদা করে মিড-ডে মিলে ডিম দেওয়ার ব্যবস্থা করেছে সরকার। ১ আগস্ট থেকেই তা কার্যকর হবে। শুভেন্দু বলেন, ‘‘মিড-ডে মিলের জন্য হাই স্কুল, উচ্চ-প্রাথমিক স্কুলগুলিতে ১০ টাকা এবং প্রাথমিকে ৬.৭৮ টাকা করে বরাদ্দ ছিল। প্রাথমিকে সেটা আমরা বাড়িয়ে ১০ টাকা করেছি। তা ছাড়া, ১ আগস্ট থেকে পাইলট প্রজেক্ট হিসাবে কলকাতার একটা বড় অংশে ইসকনের দ্বারা মিড-ডে মিল দেওয়া হবে। সাত্ত্বিক, শুদ্ধ প্রোটিনযুক্ত খাবার দেবে ইসকন। তার বাইরে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে আমরা আলাদা করে ডিম দেওয়ার ব্যবস্থা করছি।’’ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, শিক্ষা ব্যবস্থার অধিনিকীকরণ ছাড়া কোনও রাজ্য এগোতে পারে না। সরকারি শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার ওপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ