অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সুমিত রায়ের বাড়িতে পুলিশ, ৩ দিনের মধ্যে হাজিরার নোটিশ
কলকাতা, ২৯ জুলাই (হি.স.): তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ সহায়ক সুমিত রায়ের বাড়িতে বুধবার বিষ্ণুপুর থানার পুলিশ উপস্থিত হয়ে তাঁকে আগামী তিন দিনের মধ্যে থানায় হাজির হওয়ার নির্দেশসংক্রান্ত একটি নোটিশ দিয়েছে। বুধবার
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সুমিত রায়ের বাড়িতে পুলিশ, ৩ দিনের মধ্যে হাজিরার নোটিশ


কলকাতা, ২৯ জুলাই (হি.স.): তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ সহায়ক সুমিত রায়ের বাড়িতে বুধবার বিষ্ণুপুর থানার পুলিশ উপস্থিত হয়ে তাঁকে আগামী তিন দিনের মধ্যে থানায় হাজির হওয়ার নির্দেশসংক্রান্ত একটি নোটিশ দিয়েছে। বুধবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার পুলিশ কর্মীরা টালিগঞ্জ সংলগ্ন মহাবীরতলার ৮এ ক্যানাল রোডে অবস্থিত সুমিত রায়ের বাড়িতে যান এবং নোটিশটি হস্তান্তর করেন।

অন্যদিকে, বুধবারই কলকাতা হাইকোর্টে সুমিত রায়ের বিরুদ্ধে জমি সংক্রান্ত কথিত দুর্নীতির একটি মামলার শুনানি হয়। রাজ্য সরকারের পক্ষে আইনজীবী রাজদীপ মজুমদার আদালতকে জানান, বিএলআরও (ব্লক ভূমি ও ভূমি সংস্কার) কার্যালয় থেকে জমি সংক্রান্ত নথিপত্র ও রেকর্ডে কারচুপি করে তা সরকারি পোর্টালে আপলোড করা হয়েছে। তিনি দাবি করেন, এই মামলার তদন্ত বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে এবং সুমিত রায় সরাসরি এই অনিয়মের সুবিধাভোগী।

শুনানি চলাকালীন বিচারপতি জানতে চান, সংশ্লিষ্ট রেকর্ডগুলি কবে কম্পিউটারে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এর উত্তরে সরকারি আইনজীবী জানান, রেকর্ডগুলি শুরু থেকেই কম্পিউটারে সংগৃহীত ছিল। তিনি আরও অভিযোগ করেন, সুমিত রায় প্রভাব খাটিয়ে সরকারি আধিকারিকদের ওপর জমির প্রকৃতি বদলে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতেন। রাজ্য সরকারের পক্ষ থেকে সুমিত রায়কে এই পুরো ঘটনার 'মাস্টারমাইন্ড' বা মূল চক্রান্তকারী বলে উল্লেখ করা হয় এবং দাবি করা হয় যে, সুজয় হাজরা তাঁর নির্দেশেই কাজ করতেন।

উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুরের শালবনীতে ভুয়ো দলিল ও নথিপত্র ব্যবহার করে সরকারি জমি দখল ও তা বিক্রির অভিযোগ উঠেছে সুমিত রায়ের বিরুদ্ধে। অর্থের বিনিময়ে সরকারি জমি বিক্রি করা হতো এবং তার জন্য জাল কাগজপত্র তৈরি করা হতো বলে অভিযোগ।

বুধবার সুমিত রায়ের বাড়িতে যাওয়া বিষ্ণুপুর থানার পুলিশ আধিকারিকরা নির্দিষ্ট কোনো মামলার ভিত্তিতে এই নোটিশ দেওয়া হয়েছে কি না, তা স্পষ্ট করেননি। তবে সূত্র মারফত জানা গেছে, বিষ্ণুপুর থানায় দায়ের হওয়া একটি তোলাবাজির অভিযোগের তদন্তের স্বার্থেই পুলিশ এই পদক্ষেপ নিয়েছে।

সুমিত রায় বর্তমানে কোথায় আছেন, এই প্রশ্নের উত্তরে তাঁর মা প্রতিক্রিয়া জানিয়ে বলেন, আমি জানি না, প্রয়োজনে জমি খুঁড়ে বের করে নিন। বিজেপি ওকে মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে।

খবর লেখা পর্যন্ত পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আধিকারিক বিস্তারিত বিবরণ প্রকাশ করা হয়নি।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande