
কলকাতা, ২৯ জুলাই (হি.স.): বাংলা চলচ্চিত্রের অভিনেতা তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ৬৮ লক্ষ টাকার প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। হুগলি জেলার আরামবাগের বাসিন্দা তথা 'সোনম মুভিজ'-এর মালিক শেখ শাহিদ ইমাম বুধবার দক্ষিণ কলকাতার চারু মার্কেট থানায় এই লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ বুধবার এই তথ্য জানিয়েছে।
অভিযোগকারী শেখ শাহিদ ইমাম সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ২০২১ সালে একটি সিনেমা নির্মাণের জন্য তিনি সোহম চক্রবর্তীকে টাকা দিয়েছিলেন। সেই সময় ছবিটির নাম রাখা হয়েছিল 'মানিকজোর', যা পরবর্তীতে বদলে 'পাকা দেখা' করা হয়। তাঁর দাবি, ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং ব্যবসায়িক সাফল্যও অর্জন করে। কিন্তু তা সত্ত্বেও লাভের লভ্যাংশ তাঁকে দেওয়া হয়নি। বারবার নিজের প্রাপ্য টাকা চাইতে গেলেও তাঁকে নানা অজুহাতে ঘুরানো হতে থাকে।
শাহিদের আরও অভিযোগ, একদিন অভিনেতার সহকারী অর্ঘ্য চট্টোপাধ্যায় কলকাতার একটি শপিং মলের বেসমেন্টে তাঁর সঙ্গে দেখা করেন। সেখানে তিনি প্রাপ্য টাকা ফেরত চাইলে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। সেই সময় সোহম চক্রবর্তী বিধায়ক থাকায় তাঁকে বেশি চাপ না দেওয়ার জন্যও সতর্ক করা হয়েছিল।
অভিযোগকারী জানান, পরবর্তীতে তিনি সরাসরি সোহমের সঙ্গে যোগাযোগ করলেও অভিনেতা স্পষ্টভাবে টাকা ফেরত দিতে অস্বীকার করেন। তাঁর আরও দাবি, 'পাকা দেখা' ছবির স্যাটেলাইট ও অন্যান্য ডিজিটাল সত্ত্ব বিক্রি করা হয়েছে এবং তার সমস্ত অর্থ সোহম চক্রবর্তীই পেয়েছেন। নিজের এই সমস্ত অভিযোগের সমর্থনে তাঁর কাছে উপযুক্ত তথ্যপ্রমাণ রয়েছে বলেও তিনি দাবি করেন।
খবর লেখা পর্যন্ত এই ঘটনায় অভিনেতা তথা প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এ ধরনের আর্থিক অনিয়মের অভিযোগ এই প্রথম নয়। চলতি বছরের জুন মাসেও কৌশিক কর্মকার নামে এক ব্যক্তি তাঁর বিরুদ্ধে এক কোটি টাকারও বেশি আর্থিক প্রতারণার অভিযোগ এনেছিলেন। অভিযোগ ছিল, 'লাল সুটকেসটা' ছবি নির্মাণ এবং 'সোহম এন্টারটেইনমেন্ট'-এ বিনিয়োগের নামে তাঁর কাছ থেকে ওই টাকা নেওয়া হয়। পরে ছবিটি তৈরি হয়নি এবং টাকাও ফেরত দেওয়া হয়নি বলে দাবি করেন অভিযোগকারী।
বর্তমানে চারু মার্কেট থানার পুলিশ লিখিত অভিযোগ গ্রহণ করে পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি