
বাঁকুড়া, ২৯ জুলাই (হি.স.) : গাড়ির ধাক্কায় এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল গঙ্গাজলঘাটিতে। ঘাতক গাড়ির চালককে গ্রেফকতার ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ বাসিন্দারা।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম রাধারানী দে (৫১)। তিনি গঙ্গাজলঘাটি থানার ঘটকগ্রাম কলোনীর বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ স্বাস্থ্য কার্ড সংক্রান্ত কাজের জন্য ঘটকগ্রাম মোড়ের একটি অনলাইন সেন্টারে গিয়েছিলেন রাধারানী দে। ওই সেন্টারটি বাঁকুড়া-রানিগঞ্জ জাতীয় সড়কের পাশেই অবস্থিত। কাজ শেষে সেন্টার থেকে বেরিয়ে রাস্তায় উঠতেই রানিগঞ্জের দিক থেকে আসা একটি দ্রুতগতির টাটা এসি গাড়ি তাঁকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার প্রভাবে তিনি রাস্তার ওপর ছিটকে পড়েন এবং মাথায় গুরুতর চোট পান।
ঘটনাস্থলে ব্যাপক রক্তক্ষরণ হতে থাকলে স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ তাঁকে উদ্ধার করে অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার পর সুযোগ বুঝে ঘাতক গাড়িটি নিয়ে চালক চম্পট দেয়।
ঘটনার খবর ছড়াতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। ক্ষতিপূরণ ও ঘাতক গাড়ির চালককে গ্রেফতারের দাবিতে তাঁরা বাঁকুড়া-রানিগঞ্জ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে গঙ্গাজলঘাটি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ ও প্রয়োজনীয় আশ্বাস দেওয়ার পর অবশেষে অবরোধ উঠে যায় এবং যান চলাচল স্বাভাবিক হয়।
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট