
কলকাতা, ২৯ জুলাই (হি.স.): নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে গত ২৪ জুলাই কলকাতায় আয়োজিত মিছিলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। এই বিষয়ে নেওয়া পদক্ষেপের বিস্তারিত রিপোর্ট আগামী তিন সপ্তাহের মধ্যে জমা দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে আদালত।
বুধবার বিচারপতি কৃষ্ণা রাউয়ের একক বেঞ্চ মামলার শুনানির সময় রাজ্য সরকারের কাছে জানতে চায়—প্রকাশ্য সভা ও মিছিলে হিংসাত্মক বা নৈরাজ্যমূলক ঘটনা প্রতিরোধে কোনো নির্দিষ্ট নির্দেশিকা তৈরি করা হচ্ছে কি না।
উল্লেখ্য, গত ২৪ জুলাই বামপন্থী ছাত্র-যুব সংগঠন এবং 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র যৌথ উদ্যোগে আয়োজিত প্রতিবাদ মিছিলে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ওপর হামলার ঘটনা ঘটে। সেই ঘটনাকে কেন্দ্র করেই হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়।
শুনানি চলাকালীন আবেদনকারী আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানান, শিক্ষার্থীদের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর কোনো আপত্তি নেই, তবে এই ধরনের বিক্ষোভ কর্মসূচিতে হিংসা ও বিশৃঙ্খলা ঠেকাতে সরকারের নির্দিষ্ট নির্দেশিকা তৈরি করা উচিত। পাশাপাশি কোনো মিছিলে এ জাতীয় অনভিপ্রেত ঘটনা ঘটলে তার দায় সংশ্লিষ্ট রাজনৈতিক দল বা আয়োজকদের ওপরই বর্তানো উচিত।
প্রাথমিক শুনানির পর হাইকোর্ট রাজ্য সরকারকে আগামী তিন সপ্তাহের মধ্যে এই বিষয়ে গৃহীত পদক্ষেপের পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করার নির্দেশ দেয়।
এই ঘটনায় কলকাতা পুলিশ প্রথমে পুলিশকর্মী ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগে ১৬ জনকে গ্রেফতার করেছিল। তবে মঙ্গলবার কলকাতার মুখ্য মহানগর বিচারকের আদালত সুপ্রিম কোর্টের নির্দেশের কথা উল্লেখ করে অভিযুক্ত ১৬ জনকেই জামিন মঞ্জুর করে।
অন্যদিকে, মঙ্গলবার রাতে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে স্পষ্ট করা হয়েছে যে, ২৪ জুলাইয়ের যৌথ মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে গ্রেফতার–সহ কোনো দমনমূলক পদক্ষেপ নেওয়া হবে না। তবে যাঁদের পূর্বের অপরাধমূলক রেকর্ড রয়েছে, তাঁরা এই ছাড় পাবেন না এবং তাঁদের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
হিন্দুস্থান সমাচার / সোনালি