
ঝাড়গ্রাম, ২৯ জুলাই (হি.স.): পানীয় জলের অস্বাস্থ্যকর অবস্থা, অপরিষ্কার শৌচাগার এবং নোংরা পরিবেশের অভিযোগে ঝাড়গ্রাম কেন্দ্রীয় বাস টার্মিনাসের পরিষেবা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করল ঝাড়গ্রাম জেলা পরিবহণ শ্রমিক সঙ্ঘ। টার্মিনাসের রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগ তুলে দ্রুত নতুন করে উন্মুক্ত টেন্ডার আহ্বানের দাবি জানিয়েছে সংগঠনটি। বুধবার এই দাবিতে ঝাড়গ্রাম পুরসভার নির্বাহী আধিকারিকের কাছে একটি স্মারকলিপি জমা দেয় সঙ্ঘ।
সংগঠনের অভিযোগ, বাস টার্মিনাস পরিচালনার জন্য নির্ধারিত টেন্ডারের মেয়াদ শেষ হয়ে গেলেও এখনও নতুন টেন্ডার ডাকা হয়নি। এর জেরে টেন্ডারের শর্ত অনুযায়ী যাত্রীদের জন্য প্রয়োজনীয় ন্যূনতম পরিষেবা ও রক্ষণাবেক্ষণের কাজ কার্যত স্তব্ধ হয়ে পড়েছে।
সংগঠনের সভাপতি হীরালাল মাহাতো জানান, প্রতিদিন প্রায় ২১০টি বাস এই টার্মিনাস থেকে যাতায়াত করে। অথচ চরম অবহেলায় পানীয় জলের ট্যাঙ্কে কেঁচো পড়ার মতো অভিযোগ সামনে এসেছে। পাশাপাশি শৌচাগার ও বাসস্ট্যান্ড চত্বর দীর্ঘদিন ধরে নোংরা ও অপরিষ্কার অবস্থায় রয়েছে। পর্যাপ্ত আলোসহ অন্যান্য পরিকাঠামোগত পরিষেবারও প্রবল ঘাটতি রয়েছে।
পরিবহণ শ্রমিক সঙ্ঘের দাবি, অতীতে টেন্ডারের মেয়াদ শেষ হওয়ার পর বারবার একই সংস্থাকে দায়িত্ব বাড়িয়ে দেওয়া হয়েছিল। কাজের স্বচ্ছতা বজায় রাখতে এবার অবিলম্বে উন্মুক্ত টেন্ডার ডেকে নতুন অভিজ্ঞ সংস্থার হাতে দায়িত্ব তুলে দিতে হবে। স্মারকলিপিতে তাঁরা আরও দাবি জানান, নতুন টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত যাত্রীদের দুর্ভোগ কমাতে পুরসভার নিজস্ব কর্মী দিয়ে টার্মিনাস পরিচালনা ও পরিচ্ছন্নতা বজায় রাখা হোক।
যদিও এ বিষয়ে ঝাড়গ্রাম পুরসভার নির্বাহী আধিকারিক মহম্মদ শাকিল আহমেদের সরাসরি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে পুরসভা সূত্রে খবর, বাস টার্মিনাস পরিচালনার জন্য খুব শীঘ্রই নতুন করে টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো