অনাস্থা পর্বের অবসান, সর্বসম্মতিক্রমে ঝাড়গ্রাম জেলা পরিষদের নতুন সভাধিপতি গৌরী ও সহকারী পুষ্প
ঝাড়গ্রাম, ২৯ জুলাই (হি.স.): দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন ও অনাস্থা পর্বের অবসান ঘটিয়ে বুধবার ঝাড়গ্রাম জেলা পরিষদে নতুন নেতৃত্বের নির্বাচন সম্পন্ন হল। জেলা পরিষদের নতুন সভাধিপতি পদে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন গৌরী তালধি এবং সহকারী সভাধিপতি পদ
অনাস্থা পর্বের অবসান, সর্বসম্মতিক্রমে ঝাড়গ্রাম জেলা পরিষদের নতুন সভাধিপতি গৌরী ও সহকারী পুষ্প


ঝাড়গ্রাম, ২৯ জুলাই (হি.স.): দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন ও অনাস্থা পর্বের অবসান ঘটিয়ে বুধবার ঝাড়গ্রাম জেলা পরিষদে নতুন নেতৃত্বের নির্বাচন সম্পন্ন হল। জেলা পরিষদের নতুন সভাধিপতি পদে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন গৌরী তালধি এবং সহকারী সভাধিপতি পদে নির্বাচিত হয়েছেন পুষ্প নায়েক। উভয় পদেই একটি করে মনোনয়ন জমা পড়ায় কোনো প্রকার ভোটগ্রহণের প্রয়োজন হয়নি।

বুধবার সকালে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে জেলা পরিষদের ১৪ জন সদস্য একটি সাদা যাত্রীবাহী ভ্যানে করে জেলা পরিষদ ভবনে পৌঁছান। তার আগে মঙ্গলবার রাত থেকেই তাঁরা ঝাড়গ্রাম শহরের একটি অতিথিশালায় অবস্থান করছিলেন। সদস্যদের দাবি, নতুন নেতৃত্ব নির্বাচন নিয়ে আলোচনা এবং নির্ধারিত সময়ে সকলের একসঙ্গে পৌঁছানোর সুবিধার জন্যই সেখানে থাকা হয়েছিল। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়। নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে শেষ হওয়ার পর জেলা পরিষদের পক্ষ থেকে সদস্যদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

উল্লেখ্য, গত ৮ জুলাই জেলা পরিষদের তলবি সভায় তৎকালীন সভাধিপতি চিন্ময়ী মারান্ডির বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে গৃহীত হয়। ওই সভায় চিন্ময়ী মারান্ডিসহ পাঁচজন সদস্য অনুপস্থিত ছিলেন। এরপর ১৫ জুলাই জেলাশাসকের পক্ষ থেকে নতুন সভাধিপতি ও সহকারী সভাধিপতি নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হয়।

অনাস্থা প্রস্তাবকে ঘিরে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিশীথ মাহাতোর ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা হলেও তিনি এদিন কোনো মন্তব্য করতে চাননি। অন্যদিকে ঝাড়গ্রামের বিজেপি বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ দাবি করেন, জেলা পরিষদের এই নেতৃত্ব পরিবর্তনের সঙ্গে বিজেপির কোনো ভূমিকা নেই, এটি সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট সদস্যদের অভ্যন্তরীণ বিষয়।

নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণের পর জেলা পরিষদের প্রশাসনিক কাজকর্ম ও রাজনৈতিক সমীকরণ আগামী দিনে কোন পথে এগোয়, সেদিকেই এখন নজর সচেতন মহলের।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande