
পশ্চিম বর্ধমান, ২৯ জুলাই (হি.স.): জেলার সালানপুর থানা এলাকায় বেআইনি বালি কারবারের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ জিতপুর এলাকায় অভিযান চালিয়ে বালি বোঝাই একটি ট্র্যাক্টর বাজেয়াপ্ত করেছে। এই ঘটনায় ট্র্যাক্টর চালক উমেশ সোরেনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ভোর চারটে নাগাদ রূপনারায়ণপুর ফাঁড়ির একটি দল জিতপুর এলাকায় অভিযান চালায়। সেই সময় WB 37K 7960 নম্বরের একটি বালি বোঝাই ট্র্যাক্টরকে আটক করা হয়। চালকের কাছে বালি পরিবহণের বৈধ নথিপত্র দেখতে চাওয়া হলে তিনি তা পেশ করতে ব্যর্থ হন। এরপরই পুলিশ ট্র্যাক্টরটি বাজেয়াপ্ত করে চালককে গ্রেফতার করে।
গ্রেফতার উমেশ সোরেনকে বুধবারই আসানসোল আদালতে পেশ করা হয়। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং বালি পাচার চক্রের মূল কারবারীদের নাগাল পেতে পুলিশ আদালতে তাকে সাত দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বাজেয়াপ্ত ট্র্যাক্টরটির মালিক লাল্টু মান্না নামে এক ব্যক্তি। স্থানীয় সূত্রের দাবি, তিনি শাসকদল তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত।
এর পাশাপাশি অভিযোগ উঠে এসেছে, সুকুমার মণ্ডল নামে এক ব্যক্তি জিতপুর এলাকায় বিপুল পরিমাণ বেআইনি বালি মজুত করে রেখেছিলেন এবং পুলিশের নজর এড়াতে রাতের অন্ধকারে তা চড়া দামে বিক্রি করা হতো।
এই অবৈধ বালি সিন্ডিকেটের পেছনে আর কে বা কারা যুক্ত রয়েছে এবং বালি কোথা থেকে আনা হচ্ছিল, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা এই সমস্ত অভিযোগ প্রসঙ্গে খবর লেখা পর্যন্ত পুলিশের তরফে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
হিন্দুস্থান সমাচার / সোনালি