
কলকাতা, ২৯ জুলাই (হি.স.): শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল ট্রেনের (৩১৬৩৭/৩১৬৩৮) কাঁকিনাড়া ও জগদ্দল স্টেশনে পরীক্ষামূলকভাবে চালু করা অস্থায়ী স্টপেজ আগামী ১ আগস্ট ২০২৬ থেকে তুলে নেওয়া হচ্ছে।
যাত্রীদের সুবিধা এবং স্টেশনে যাত্রী চাহিদার পর্যালোচনা করার উদ্দেশ্যে শিমুরালি, হালিশহর, ইছাপুর, জগদ্দল এবং কাঁকিনাড়া—এই পাঁচটি স্টেশনে এসি লোকালের অস্থায়ী স্টপেজ শুরু করা হয়েছিল।
রেল সূত্রের খবর, কাঁকিনাড়া ও জগদ্দল স্টেশনে এসি লোকাল ট্রেনে ওঠানামা করা যাত্রীর সংখ্যা অত্যন্ত কম দেখা গেছে। ফলে ট্রেনের সময়ানুবর্তিতা বজায় রাখতে এবং নির্দিষ্ট সময়সূচী অনুযায়ী ট্রেন চলাচল সুনিশ্চিত করতেই এই দুটি স্টেশনে স্টপেজ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে শিমুরালি, হালিশহর এবং ইছাপুর স্টেশনে পূর্ব নির্ধারিত সময়সূচী অনুযায়ী পরবর্তী পর্যালোচনা না হওয়া পর্যন্ত এসি লোকালের স্টপেজ যথারীতি চালু থাকবে।
যাত্রীদের সুবিধার্থে ভ্রমণের পরিকল্পনা করার আগে ট্রেনের আপডেট হওয়া সময়সূচী দেখে নেওয়ার আবেদন জানিয়েছে পূর্ব রেল।
হিন্দুস্থান সমাচার / সোনালি