
শিলিগুড়ি, ২৯ জুলাই (হি.স.): নকশালবাড়ি পোস্ট অফিসে বড়সড় আর্থিক অনিয়ম ও জালিয়াতির মামলার তদন্তে নেমে বুধবার নকশালবাড়ির জাবরা মোড় এলাকায় অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। পাঁচ সদস্যের সিবিআই দল হঠাৎই একটি বাড়িতে অভিযান চালায়। তবে অভিযুক্ত মহিলা উপস্থিত না থাকায় শেষ পর্যন্ত বাড়িটি সিল করে দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পোস্ট অফিস জালিয়াতি মামলার তদন্তের সূত্র ধরেই এই তল্লাশি চালানো হয়। জাবরা মোড়ের বাসিন্দা মীনাক্ষী প্রধানের বাড়িতে তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। যদিও অভিযানের সময় মীনাক্ষী প্রধান বাড়িতে উপস্থিত ছিলেন না।
তদন্তকারী সংস্থার অনুমান, এই বাড়িতে জালিয়াতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি এবং আর্থিক লেনদেনের প্রমাণ লুকানো থাকতে পারে। সেই কারণেই অভিযুক্তের অনুপস্থিতিতে বাড়িটি সিল করে দেওয়া হয়। আইনশৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপত্তার স্বার্থে নকশালবাড়ি থানার পুলিশকে বাড়িটির বাইরে মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, আগামী দু'দিনের মধ্যে মীনাক্ষী প্রধানের নকশালবাড়িতে ফেরার সম্ভাবনা রয়েছে। তিনি ফিরলে তাঁর উপস্থিতিতেই ফের তল্লাশি অভিযান চালানো হবে।
হিন্দুস্থান সমাচার / সোনালি