চলন্ত পিকআপ ভ্যানের উপর ভেঙে পড়ল বিশাল গাছ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক
সুকমা, ৩০ জুলাই (হি.স.): টানা ২৪ ঘণ্টার বৃষ্টিতে বিপর্যস্ত ছত্তিশগড়ের সুকমা জেলা। বৃহস্পতিবার সকালে সুকমা-জগদলপুর জাতীয় সড়কে সম্রাট নগরের কাছে চলন্ত একটি পিকআপ ভ্যানের উপর আচমকাই ভেঙে পড়ে একটি বিশাল গাছ। দুর্ঘটনায় গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও
চলন্ত পিকআপ ভ্যানের উপর ভেঙে পড়ল বিশাল গাছ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক


সুকমা, ৩০ জুলাই (হি.স.): টানা ২৪ ঘণ্টার বৃষ্টিতে বিপর্যস্ত ছত্তিশগড়ের সুকমা জেলা। বৃহস্পতিবার সকালে সুকমা-জগদলপুর জাতীয় সড়কে সম্রাট নগরের কাছে চলন্ত একটি পিকআপ ভ্যানের উপর আচমকাই ভেঙে পড়ে একটি বিশাল গাছ। দুর্ঘটনায় গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান চালক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চালক লক্ষেন্দ্র সোঢ়ি দুর্ঘটনার পর গাড়ির ভিতরেই আটকে পড়েন। খবর পেয়ে সুকমা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর তাঁকে নিরাপদে উদ্ধার করা হয়।

প্রাথমিক চিকিৎসার পর ১০৮ অ্যাম্বুল্যান্সে করে আহত চালককে সুকমা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণে তাঁর চিকিৎসা চলছে। ঘটনার খবর পেয়ে তহসিলদার এবং পুরসভার কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছন। পরে রাস্তার উপর পড়ে থাকা গাছ সরিয়ে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

এদিকে, জেলার ছিন্দগড় ব্লকের রাজমুন্ডা এলাকায় জাতীয় সড়ক-৩০-এর উপরও একটি বিশাল গাছ ভেঙে পড়ায় কিছু সময়ের জন্য যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। রাস্তার দু'দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে সৌভাগ্যবশত, সেই সময় কোনও গাড়ি গাছের নিচে পড়েনি। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

টানা বৃষ্টির আবহে যাতায়াতের সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আবেদন জানিয়েছে সুকমা পুলিশ। পাশাপাশি কোনও দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতি দেখা দিলে দ্রুত পুলিশ বা সংশ্লিষ্ট উদ্ধারকারী সংস্থাকে খবর দেওয়ার অনুরোধ করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande