বার্নপুরে বিরোধী দলকে নিশানা অগ্নিমিত্রা পালের, 'অন্নপূর্ণা' যোজনা নিয়ে লিখিত অভিযোগের আর্জি
পশ্চিম বর্ধমান, ৩০ জুলাই (হি.স.): জেলার বার্নপুরের নারসিংবান্ধ বালাজি ধামে বৃহস্পতিবার আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তৃণমূল কংগ্রেস, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্নপূর্ণা প্রকল
অগ্নিমিত্রা পাল


পশ্চিম বর্ধমান, ৩০ জুলাই (হি.স.): জেলার বার্নপুরের নারসিংবান্ধ বালাজি ধামে বৃহস্পতিবার আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তৃণমূল কংগ্রেস, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্নপূর্ণা প্রকল্প ও দুর্নীতিসহ একাধিক রাজনৈতিক ইস্যুতে নিজস্ব প্রতিক্রিয়া জানান।

মন্ত্রী বলেন, গণতন্ত্রকে সুদৃঢ় করতে একটি শক্তিশালী বিরোধী দলের উপস্থিতি অত্যন্ত জরুরি। সুস্থ সমালোচনা এবং গঠনমূলক বিরোধিতাই গণতন্ত্রকে শক্তিশালী করে তোলে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস সেই ভূমিকা কতখানি পালন করতে পারছে, তা নিয়ে বড়সড় প্রশ্ন থেকে যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন ব্যক্তিগত সহকারী সুমিত রায়ের প্রসঙ্গ টেনে অগ্নিমিত্রা পাল বলেন, তাঁর বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়মের অভিযোগের নিরপেক্ষ ও সঠিক তদন্ত হওয়া প্রয়োজন। একই সঙ্গে সুমিত রায়কে অবিলম্বে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন, অন্যথায় পুলিশই তাঁকে খুঁজে বের করবে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশে চিকিৎসা করাতে যাওয়া নিয়েও সরব হন মন্ত্রী। তিনি কটাক্ষ করে বলেন, রাজ্যে যখন বিশ্বমানের সুপার স্পেশালিটি হাসপাতাল থাকার দাবি করা হয়, তখন চিকিৎসার জন্য বারবার বিদেশে যাওয়ার কোনও যৌক্তিকতা নেই। ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালেও তো উন্নতমানের উন্নত চিকিৎসা পরিষেবা লভ্য।

রাজ্যের 'অন্নপূর্ণা প্রকল্প' প্রসঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী জানান, সরকারের মূল লক্ষ্য হলো প্রকৃত ও যোগ্য সুবিধাভোগীদের কাছেই এই প্রকল্পের সুফল পৌঁছে দেওয়া। তিনি জানান, সাম্প্রতিক তদন্তে বহু অযোগ্য ব্যক্তির নাম প্রকাশ্যে আসায় নিয়মে কিছু বদল আনা হয়েছে। পাশাপাশি, যে সমস্ত যোগ্য ব্যক্তি এখনও এই প্রকল্পের সুবিধা পাননি, তাঁদের লিখিত অভিযোগ জানানোর অনুরোধ করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশানুসারে সেই সমস্ত অভিযোগের দ্রুত নিষ্পত্তি করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

বীরভূমে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয়ের বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনা উদ্ধারের ঘটনা নিয়ে সরব হন অগ্নিমিত্রা পাল। তাঁর অভিযোগ, সম্পূর্ণ বেআইনি কারবার ও দুর্নীতির মাধ্যমে এই সম্পত্তি গড়ে তোলা হয়েছিল এবং পূর্বতন সরকারই এই সমস্ত অসাধু কর্মকাণ্ডকে প্রশ্রয় দিয়েছিল।

স্কুলের মিড-ডে মিলে ডিমের বদলে নিরামিষ খাবার দেওয়া নিয়ে তৈরি হওয়া বিতর্ক প্রসঙ্গে মন্ত্রী জানান, নিরামিষ খাবারও সমান পুষ্টিকর হতে পারে। তবে যে সমস্ত ছাত্রছাত্রী ডিম খেতে ইচ্ছুক, তাদের জন্য ডিমের ব্যবস্থাও বহাল থাকবে। শিশুদের পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করাই সরকারের প্রথম ও প্রধান অগ্রাধিকার।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande